× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রিল্যান্সার ও অনলাইন সেবা রপ্তানি

বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৮:৫১ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৯:৩৯ পিএম

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আয় গ্রহণ, দেশে প্রত্যাবাসন, সংরক্ষণ ও ব্যবহারের বিধানও এক জায়গায় সংকলন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে, যা দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই নির্দেশনার মাধ্যমে বিদ্যমান নিয়ম আরও স্পষ্ট হবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে। নির্দেশনা অনুযায়ী, তথ্যপ্রযুক্তি, বিজনেস প্রসেস আউটসোর্সিং ও অন্যান্য ইন্টারনেটভিত্তিক সেবা রপ্তানির ক্ষেত্রে পণ্য রপ্তানির মতো এক্সপোর্ট (ইএক্সপি) ফরম জমা দিতে হবে না। তবে বৈদেশিক মুদ্রা অর্জন, দেশে আনা ও প্রতিবেদন দাখিল বিদ্যমান বিধিমালা অনুসারেই সম্পন্ন করতে হবে।

নতুন নির্দেশনায় ফ্রিল্যান্সারদের আয় গ্রহণের ক্ষেত্রেও কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। প্রচলিত রপ্তানি নথি না থাকলেও ইমেইল, চুক্তিপত্র, অনলাইন প্ল্যাটফর্মের স্টেটমেন্ট, ডিজিটাল ইনভয়েস, রেমিট্যান্স বার্তা কিংবা অন্যান্য ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে ব্যাংকগুলো লেনদেন যাচাই করতে পারবে। যাচাই শেষে সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ ফরম-সি ছাড়াই গ্রহণ করা যাবে। তবে এ সীমার বেশি অর্থ এলে নির্ধারিত নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ফরম-সি দাখিল করতে হবে।

আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ক্ষুদ্র পরিসরের সেবা রপ্তানির অর্থ দেশে আনার সুযোগও বহাল রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা ১০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে বৈদেশিক মুদ্রা স্থায়ীভাবে সংরক্ষণ না করে সব আয় দেশে ফেরানোর বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নির্দেশনায় যোগ্য ফ্রিল্যান্সারদের জন্য দ্বৈত মুদ্রাভিত্তিক ফ্রিল্যান্সার কার্ড, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে রপ্তানি আয় গ্রহণ ও এক্সপোর্টার্স রিটেনশন কোটার হিসাব পরিচালনার সুযোগও বহাল রাখা হয়েছে। সফটওয়্যার, ডাটা প্রসেসিং ও অন্যান্য আইসিটি সেবা রপ্তানিকারকেরা নিট রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য বৈধ সেবা রপ্তানিকারকেরা সর্বোচ্চ ৩০ শতাংশ বৈদেশিক মুদ্রা এ হিসাবে রাখতে পারবেন। এই হিসাবের অর্থ বিদেশ ভ্রমণ, সফটওয়্যার নিবন্ধন, ডোমেইন ও হোস্টিং ফি, সার্ভার রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি এবং অনুমোদিত চলতি খাতে ব্যয় করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে আনতে হবে। অনুমোদিত ব্যবস্থার বাইরে বিদেশে ব্যাংক হিসাব, সম্পদ বা ভার্চুয়াল সম্পদে এই অর্থ সংরক্ষণ আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি সব লেনদেনে কেওয়াইসি, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং প্রযোজ্য কর আইন যথাযথভাবে অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা