ওয়াইজ রহিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি’র প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াইজ রহিম।
বিএসআইসির পরিচালনা পর্ষদে আছেন দেশের শীর্ষ পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বিএসআইসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিএসআইসিকে গড়ে তোলার লক্ষ্যে তার নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
বিএসআইসিতে যোগদানের আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশজুড়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে।
স্টারজন ক্যাপিটালে দায়িত্ব পালনকালে ওয়াইজ রহিম বিনিয়োগের সুযোগ চিহ্নিতকরণ, বিনিয়োগযোগ্যতা যাচাই, ডিউ ডিলিজেন্স এবং পোর্টফোলিও উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে ২০১৭ সালে তিনি ‘ডেলিগ্রাম’ নামে একটি ওমনিচ্যানেল ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। প্ল্যাটফর্মটির লক্ষ্য ছিল স্থানীয় মুদি দোকানগুলোকে ই-কমার্স ফুলফিলমেন্ট নেটওয়ার্কে যুক্ত করা।
উদ্যোক্তা হিসেবে তিনি সিঙ্গাপুর ও নিউইয়র্কভিত্তিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন সংগ্রহ করেন।
ওয়াইজ রহিমের মতে, বাংলাদেশে বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আনার ক্ষেত্রে বিদ্যমান সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে তার উদ্যোক্তা ও বিনিয়োগ-উভয় ক্ষেত্রের অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্বে এ অভিজ্ঞতা বিএসআইসির কার্যক্রম সম্প্রসারণে কাজে লাগবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন ওয়াইজ।
ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বিএসআইসির চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, “আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে”।
ওয়াইজ রহিমের নেতৃত্বে বিএসআইসি বাংলাদেশের স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে এবং দেশের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি গঠিত বিএসআইসির মূল লক্ষ্য হলো উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ করা এবং দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে শক্তিশালী করা।
ইতোমধ্যে বিএসআইসি তাদের প্রথম তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে। ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকার এ তহবিল দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে। আগামী পাঁচ বছরে তহবিলটির আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত ব্যাংকগুলোকে প্রতিবছর তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ স্টার্টআপ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে হবে। এ উদ্যোগের ফলে দেশের স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।