মধ্যাঞ্চল প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২ ১৫:৫৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২২ ২১:৩৮ পিএম
হাওর জনপদে বেড়ে উঠা কিশোরগঞ্জের মোজাহিদুল ইসলাম শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন।
নেদারল্যান্ডস ভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটির চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে।
মোজাহিদের বাবা অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দীন ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। তার মায়ের নাম মনোয়ারা পারভীন। পরিবারের একমাত্র সন্তান তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামে।।
মোজাহিদুল ইসলাম সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, মোজাহিদ একজন তরুণ চেঞ্জমেকার। শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করেন। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে হাওরের শিশুদের সচেতন করার স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন করেছিল মোজাহিদ। যাচাই-বাছাই শেষে শিশুদের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ক্যাটাগরিতে তাকে মনোনীত করে কিডস রাইটস তাদের ওয়েবসাইটে নাম প্রকাশ করেছে।
বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কারটি জিতেছিলেন সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য এক লাখ ইউরো। একে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
প্রবা/রাই