তারুণ্য ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম
জেসিআই ঢাকা নর্থ-এর নতুন কমিটি
২০২৩ সালের জন্য নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করল জেসিআই ঢাকা নর্থ
সম্প্রতি গুলশান ক্লাবে ২০২৩ সালের জন্য নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করল জেসিআই ঢাকা নর্থ। সফলতার সঙ্গে সমাপ্ত এই আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আগামী এক বছরের জন্য তাদের পরিচালনার দায়িত্ব এমন তরুণ নেতাদের হাতে সমর্পণ করল, যারা ইতোমধ্যেই স্ব স্ব ক্ষেত্রে নিজেদের সফলতা ও অর্জনের মাধ্যমে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
২০২৩ সালে জেসিআই ঢাকা নর্থের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তুষার মালেক। সংগঠনের সমৃদ্ধ ঐতিহ্যের ধারাবাহিকতা সমুজ্জ্বল রাখার লক্ষ্যে একদিকে সদস্যদের জন্য ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং সেই সঙ্গে আগামী দিনগুলোর জন্য গৃহীত কর্মপরিকল্পনাসমূহের সঠিক বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন সাহা।
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মো. শাহরিয়ার হাসান জিসান, শাফাক হোসেন এবং জিয়াউল হক সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ সদস্যরা যাতে নিজেদের সুপ্ত প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারেন, সেই দিকগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন। বাজেট ব্যবস্থাপনা এবং বিভিন্ন আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদনার দায়িত্বে রয়েছেন জেনারেল সেক্রেটারি আসিফ মোহাম্মদ শাবাব, জেনারেল লিগ্যাল কাউন্সিলর রাইহাতুল জান্নাহ তাবিন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট মো. নূর নবী মেহেদী এবং ট্রেজারার আদনান ভূঁইয়া।
লিডারশিপ টিমের অন্যান্য সদস্যের মাঝে আছেন নবনির্বাচিত ডিরেক্টর সাফাত মাকসুদ অমি, শফিউদ্দিন আলা রাজু, সুমাইয়া তাবাসসুম হক, নন্দিতা জাকিয়া ফেরদৌস নন্দিতা ও নেওয়াজ আকবর। কমিটি চেয়ার হিসেবে আছেন ফৌজিয়া মালেক নাতাশা, জুনায়েদ আল হাসান এবং নূর-ই-আশরাফি। অভিজ্ঞ এই তরুণ নেতাদের সবারই লক্ষ্য সংগঠনের সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠু সম্পাদনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করা।
উল্লেখ্য, জেসিআই অর্থাৎ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল হলো বিশ্বজুড়ে ব্যাপৃত একটি আন্তর্জাতিক সংগঠন, যার মূল চালিকাশক্তি ১৮ থেকে ৪০ বছর বয়সি তরুণেরা। সংগঠনটির মূল লক্ষ্য দেশ ও মানবজাতির কল্যাণ সাধনের জন্য তারুণ্যের সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুসংগঠিত উপায়ে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। জেসিআই বাংলাদেশ-এর একটি অঙ্গসংগঠন জেসিআই ঢাকা নর্থ। সামাজিক নানাবিধ উন্নয়নের লক্ষ্যে বিগত ২২ বছর ধরে সংগঠনটির নিবেদিতপ্রাণ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার ধারাবাহিকতা আগামী দিনগুলোতে আরও দৃঢ়ভাবে ধরে রাখতে বদ্ধপরিকর এই সংগঠনের প্রতিটি সদস্য।