জায়েদ বিল্লাল খান
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৪:৫৪ পিএম
ছোটবেলা থেকেই প্রতিটি ছেলেরই স্বপ্ন দু’চাকার একটি বাহন। এ বাহনটি পছন্দ করেন না এমন কোনো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে এই বাহনটি। সারাবিশ্বেই তরুন থেকে শুরু করে বয়স্কদের জনপ্রিয় বাহন হলো মোটরবাইক।
বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মোটরবাইক এখন শুধু একটি বাহনই নয়! এটি গতি, স্বাধীনতার প্রতীক। কর্মজীবীদের জন্যও এটি একটি প্রয়োজনীয় মাধ্যম। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে, যেখানে ট্রাফিক জ্যাম প্রতিদিনের সঙ্গী, সেখানে মোটরবাইকই দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম সেরা উপায় মোটরবাইক।
সারাদেশের অলিগলি দাঁপিয়ে বেড়াচ্ছে অসংখ্য মোটরবাইক। শহর থেকে গ্রাম, মোটরবাইক আজ সর্বত্র দৃশ্যমান। যাতায়াত খরচ কমানো থেকে শুরু করে কর্মসংস্থান তৈরিতে এর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত যানবাহনের মধ্যে মোটরবাইকের হার সবচেয়ে বেশি। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর মতো শহরগুলোতে এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে।
মোটরবাইককে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন বাইকিং কমিউনিটিও তৈরি হয়েছে। যার মধ্যে দেশি বাইকার, বাইকবিডি, বিডিমোটরসাইক্লিস্ট, রোড রাইডার্স আরআরজেড, থ্রোটলার ইত্যাদি অন্যতম। এসব কমিউনিটি থেকে মোটরবাইক নিয়ে ট্যুর এবং বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম করা হয়। এছাড়াও মোটরবাইক নিয়ে ব্লগিং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে অনেকেই মোটরবাইকে চড়ে ভিডিও করে বেড়ান। এম এস আই, নেক্সট গিয়ার, দি আউটসাইডার, সানি গিরি, ওয়ানাবিগাম্প অনেকেই বাংলাদেশের জনপ্রিয় মটোব্লগার।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩৫০ সিসির যে কোন বাইক রেজিষ্ট্রেশন করতে পারবেন। স্টাইলিস্ট এই বাইক গুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন যার কারণে সর্বোচ্চ সেফটি এবং কন্ট্রোল পাওয়া যায়। তবে হ্যাঁ এমন কিছু বাইকার দেখা যায়, যারা বাইক নিয়ে রাস্তায় নামার পর অনেকেই নিজেকে রাস্তার রাজা মনে করে, এবং উড়ে উড়ে ঘুরে বেড়াই। এসব বাইকরা বেপরোয়া গতিতে বাইক চালায়, হুট করে মোড় নেয়। এদের মধ্যে বেশির ভাগই ট্রাফিক আইন জানেনা এবং লাইসেন্স নেই ।
সঠিক নিয়ম মেনে বাইক চালালে এটি হতে পারে নিরাপদ এবং সময় সাশ্রয়ী একটি বাহন। তাই বাইকারদের উচিত নিয়ম মেনে বাইক চালানো। এতে করে নিজে যেমন নিরাপদ থাকবে তেমনি সড়কও থাকবে ঝুঁকিমুক্ত।