× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরের বৃষ্টিতে শীতের আভাস

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২১:৩০ পিএম

এক পশলা বৃষ্টিতে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। ছবিটি আজ সোমবার রাতে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

এক পশলা বৃষ্টিতে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। ছবিটি আজ সোমবার রাতে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

নভেম্বরের শুরুতেই দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা সামান্য কমলেও এখনই তীব্র শীতের আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ বাড়তে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে বাড়বে শীতের প্রকোপ। 

আজ সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ছয় বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর বরিশাল, চট্টগ্রামসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। ১২ নভেম্বরের পর বৃষ্টির প্রবণতা কমতে পারে। বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও এখনই শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের শেষ ভাগ থেকে শীত বাড়তে পারে। প্রকৃত শীতের তীব্রতা নির্ভর করবে তাপমাত্রা, বাতাস ও কুয়াশার পরিস্থিতির ওপর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রতিদিনের বাংলাদেশকে জানান, চলতি শীত মৌসুমে দেশে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকতে পারে। এসব অঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে সামগ্রিকভাবে এবারের শীত তুলনামূলক উষ্ণ হতে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

কৃষিতে বৃষ্টির প্রভাব নিয়ে সতর্কতা  

নভেম্বরের বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন ফসলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম হওয়ায় বৃষ্টিতে খোলা মাঠে রাখা ধান ভিজে যেতে পারে। এতে ধান শুকানো ও সংরক্ষণে সমস্যা এবং গুণগত মান কমার ঝুঁকি রয়েছে। অন্যদিকে জমিতে থাকা পাকা ধান ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় হেলে পড়তে পারে। শীতকালীন সবজি, আলু ও সরিষার ক্ষেতেও জলাবদ্ধতা ও অতিরিক্ত আর্দ্রতায় রোগের ঝুঁকি বাড়তে পারে। কৃষি আবহাওয়া পরামর্শে জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা এবং বৃষ্টির সময় সার ও কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শীতের প্রকোপ বাড়তে পারে ডিসেম্বর-জানুয়ারিতে  

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। তবে এল নিনো ও বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সামগ্রিকভাবে এবারের শীত তুলনামূলক উষ্ণ হতে পারে বলে মনে করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, সব মিলিয়ে, নভেম্বরের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও এখনই তীব্র শীতের আশঙ্কা নেই। বৃষ্টির স্থায়িত্ব ও তীব্রতার ওপর আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি নির্ভর করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা