× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের সতর্কবার্তা

‘চরম জলবায়ুর নতুন যুগে’ পৃথিবী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম

গত এপ্রিলে বাংলাদেশের চট্টগ্রামে দেখা দেওয়া বন্যায় জলবায়ু পরিবর্তনের চরম আবহাওয়ার প্রভাব ফুটে ওঠে। ছবি: মো. রাফায়াত হক খান/জুমা প্রেস ওয়্যার/শাটারস্টক (দ্য গার্ডিয়ান থেকে সংগৃহীত)

গত এপ্রিলে বাংলাদেশের চট্টগ্রামে দেখা দেওয়া বন্যায় জলবায়ু পরিবর্তনের চরম আবহাওয়ার প্রভাব ফুটে ওঠে। ছবি: মো. রাফায়াত হক খান/জুমা প্রেস ওয়্যার/শাটারস্টক (দ্য গার্ডিয়ান থেকে সংগৃহীত)

পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে তাপ জমছে। এর মধ্য দিয়ে পৃথিবী ‘চরম জলবায়ুর এক নতুন যুগে’ প্রবেশ করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও)। 

একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, রেকর্ড অনুযায়ী ইতিহাসের শীর্ষ চারটি উষ্ণতম বছরের একটি হতে চলেছে ২০২৬ সাল। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ সোমবার তুরস্কের অবকাশযাপন শহর আনাতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। এ সম্মেলনের প্রাক্কালে প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থার ‘স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট’ শীর্ষক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আসা তাপশক্তি এবং পৃথিবী থেকে নির্গত শক্তির মধ্যকার ভারসাম্যহীনতা পর্যবেক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই ভারসাম্যহীনতা ও অতিরিক্ত তাপ সঞ্চয়ের কারণে তাপপ্রবাহ, খরা এবং গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়াজনিত দুর্যোগগুলো আরও ভয়াবহ রূপ নেবে।

সংস্থাটির তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের চেয়ে প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় যেমন মাসিক রেকর্ড ভেঙেছে, তেমনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চে পৌঁছেছে। গ্রিনহাউস গ্যাসের আটকে রাখা অতিরিক্ত তাপের ৯০ শতাংশই শোষণ করে সমুদ্র। ফলে টানা দশম বছরের মতো ২০২৬ সালেও সাগরে তাপের নতুন রেকর্ড হতে চলেছে। এছাড়া সাগরের ওপরের ২ হাজার মিটার গভীরে জমে থাকা তাপ শত বা হাজার বছরের পরিসরে এক অপরিবর্তনীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “আমরা চরম জলবায়ুর এক নতুন যুগে প্রবেশ করেছি। মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনে ইতিমধ্যে অতিউত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর সঙ্গে একটি দানবীয় এল নিনোর সংঘর্ষ ঘটছে। জলবায়ুর রেকর্ডগুলো একের পর এক ভাঙছে, মানুষের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। আর যারা এর জন্য সবচেয়ে কম দায়ী, তারাই সবার আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯২ সালে জাতিসংঘের জলবায়ু কনভেনশন সইয়ের সময় বায়ুমণ্ডলে প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব ছিল ৩৫৬ দশমিক ৪২ পিপিএম (পার্টস পার মিলিয়ন)। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ দশমিক ৮ পিপিএমে। ১৭৫০ সালে শিল্প বিপ্লব শুরুর পর থেকে এ পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বনের ঘনত্ব ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউএমও জানায়, ২০২৩ থেকে ২০২৬ সাল হবে ইতিহাসের উষ্ণতম চারটি বছর। বছরের শুরুতে প্রশান্ত মহাসাগরে ‘লা নিনা’ পরিস্থিতি থাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও, বিগত ১ হাজার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে যাওয়া একটি ‘এল নিনো’ পরিস্থিতির কারণে ২০২৬ সালের চূড়ান্ত গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে যেতে পারে।

এদিকে মেরু অঞ্চলের বরফ গলার বিষয়ে বলা হয়েছে, ২০২৬ সালে অ্যান্টার্কটিকার সামুদ্রিক বরফ ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং আর্কটিকের বরফ ছিল সর্বনিম্ন বা দ্বিতীয় সর্বনিম্ন। এছাড়া বিশ্বজুড়ে হিমবাহগুলো ৪০০ গিগাটনেরও বেশি বরফ হারিয়েছে।

প্রতিবেদনটির বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক বিল ম্যাকগুয়ার বলেন, তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা সাগরের বরফ গলে যাওয়া—প্রতিটি সূচকই ইঙ্গিত করছে পৃথিবী এক ভয়াবহ সংকটে রয়েছে। সৌরশক্তি আসা ও যাওয়ার মধ্যকার এই ভারসাম্যহীনতাই পৃথিবীর দ্রুত উত্তপ্ত হওয়ার প্রমাণ। 

তিনি সতর্ক করে বলেন, ২০২৮ সালের মধ্যেই পৃথিবী স্থায়ীভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে পারে এবং ২০৩০-এর দশকের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফলে শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা বৃদ্ধি ২ দশমিক ৬ থেকে ২ দশমিক ৮ ডিগ্রির মধ্যে আটকে রাখার প্রত্যাশা এখন একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা