প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ০৯:০৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬ ০৯:০৮ এএম
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশের চার সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় আবহাওয়া প্রতিকূল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা থাকায় সমুদ্রে চলাচলকারী নৌযান ও উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়।
অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা এবং ইয়ানামের দক্ষিণাংশের কাছাকাছি ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল। কাকিনাড়ার কাছে পুদুচেরির অধীন ইয়ানাম এলাকায় ঝড়ের প্রভাব বিশেষভাবে অনুভূত হচ্ছে। স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।
প্রতিকূল আবহাওয়ার কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।