প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১১:০৯ এএম
প্রতীকী ছবি।
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নম্বর ৫ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত মধ্যরাতে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।
বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।