× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে লঘুচাপ, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১০:২৮ এএম

দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। তবে আপাতত এর প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের শনিবারের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। অনুকূল পরিস্থিতি বজায় থাকলে এটি পরবর্তী সময়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, লঘুচাপের কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ার কারণে তা ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে।

বর্তমানে দেশের সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া অধিদপ্তরের কোনো সতর্কসংকেত নেই। তবে পরিস্থিতির অবনতি হলে সতর্কসংকেত জারি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকতে এবং উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

লঘুচাপটির সম্ভাব্য গতিপথ অনুযায়ী, এটি প্রথম ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার পর শক্তি বাড়িয়ে পশ্চিমমুখী হতে পারে। পরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির ধারণা, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ২৮ অক্টোবরের আশপাশে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তৎসংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য শক্তি ও চূড়ান্ত গতিপথ এখনো নিশ্চিত নয়। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানার আশঙ্কা দেখা যাচ্ছে না।

সম্ভাব্য গতিপথের কারণে ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশে ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ অপেক্ষাকৃত কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান বলেছেন, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়া একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। এখনো কৃষকদের আগাম সতর্ক করার মতো বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া গেলে তা কৃষি আবহাওয়া তথ্য সেবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ওই দিন সন্দ্বীপ ও আমবাগানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা