ফাইল ছবি।
এবার বাংলাদেশে শীত আসতে দেরি হতে পারে। একই সঙ্গে গত কয়েক বছরের তুলনায় শীতের স্থায়িত্ব ও তীব্রতা কম থাকার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। শক্তিশালী এল নিনোর প্রভাবে চলতি শীত মৌসুমে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এতে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের সম্ভাবনা কমলেও বৃষ্টিপাত কম হলে ঘন কুয়াশার প্রকোপ বাড়তে পারে। শীতের ধরন বদলে গেলে প্রভাব পড়তে পারে কৃষিতেও।
আবহাওয়াবিদদের ধারণা, অক্টোবরজুড়ে আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে ঘটতে পারে। নভেম্বরের শেষভাগ থেকে শীতের অনুভূতি আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এল নিনোর প্রভাব কতটা পড়বে
এল নিনো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া। এটি সরাসরি বাংলাদেশকে প্রভাবিত না করলেও বৈশ্বিক বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরন পরিবর্তনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে। এবারও এর প্রভাবে শীতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, জুনের পর থেকেই এল নিনোর শক্তিশালী অবস্থা তৈরি হয়েছে। এর প্রভাবে গ্রীষ্মে অনিয়মিত বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা দিতে পারে। শীতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, অক্টোবর থেকে ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সময়ে বৃষ্টিপাতও কম হতে পারে। কয়েক দফায় শৈত্যপ্রবাহ দেখা দিলেও সেগুলো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশে শীতকালে তাপমাত্রা সাধারণত স্থানভেদে ১২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। উত্তরাঞ্চলে তা ১২ থেকে ১৬ ডিগ্রিতে নেমে আসতে পারে। তবে এবার গড় তাপমাত্রা ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের পরিবর্তে স্বল্পস্থায়ী ও বিচ্ছিন্ন শৈত্যপ্রবাহের সম্ভাবনা বেশি।
বাংলাদেশে সাধারণত অক্টোবরের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করে। নভেম্বরের শেষভাগে উত্তরের হিমেল বাতাসের প্রভাব বাড়ে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রধান সময়। তবে এবার অক্টোবরজুড়ে দিনের বেলায় গরম থাকার পর ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে পারে।
জলবায়ু পরিবর্তনে কমতে পারে শীতের ব্যাপ্তি
শীতের সম্ভাব্য পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রবণতারও মিল রয়েছে। নরওয়ের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীদের যৌথ গবেষণাভিত্তিক প্রতিবেদন দ্য ফিউচার ক্লাইমেট অব বাংলাদেশ-এ ভবিষ্যতে দেশে শীতের ব্যাপ্তি কমে যাওয়ার প্রবণতা তুলে ধরা হয়েছে। গবেষণায় ১৯৮৫ থেকে ২০১৪ সালকে ঐতিহাসিক ভিত্তিকাল ধরে ২০৪১-২০৭০ এবং ২০৭১-২১০০ সময়ের সম্ভাব্য জলবায়ু পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, শতাব্দীর শেষে শীতকালে দৈনিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
শীত কমলে কৃষিতে কী প্রভাব পড়বে
শীতের স্থায়িত্ব ও তীব্রতা কমে গেলে কৃষিতেও প্রভাব পড়তে পারে। শীতকালীন অনেক ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ভালো ফলনের জন্য নির্দিষ্ট মাত্রার ঠান্ডা প্রয়োজন। তাপমাত্রা বেশি থাকলে কিছু ফসলের চাষের সময়সূচি ও উৎপাদনে পরিবর্তন আসতে পারে।
অন্যদিকে বৃষ্টিপাত কমলে মাটির আর্দ্রতা কমে যেতে পারে। এতে শীতকালীন ফসল ও পরবর্তী বোরো ধানের জন্য সেচের প্রয়োজন বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়তে পারে। আবার বৃষ্টিপাত কম হলেও ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে শীতকালীন সবজি ও আলুসহ কিছু ফসলে রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে অঞ্চলভেদে তাপমাত্রা, মাটির আর্দ্রতা, বৃষ্টিপাত ও কুয়াশার স্থায়িত্বের ওপর।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মঞ্জুরুল কাদির বলেন, প্রতিটি ফসলের জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। আলু, গম, ভুট্টা, সরিষা ও টমেটোর মতো শীতকালীন ফসলের জন্য ১০ থেকে ১২ কিংবা ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টানা প্রায় আড়াই মাস থাকা প্রয়োজন। এ সময়ে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকলে হেক্টরপ্রতি উৎপাদন কমে যেতে পারে।
শক্তিশালী এল নিনোর পূর্বাভাস
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে এল নিনো অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে। এটি ১৯৫০ সালের পর নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী এল নিনো ঘটনাগুলোর একটি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএমওর মাসিক গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে।
ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, এল নিনো ইতোমধ্যে শক্তিশালী অবস্থায় পৌঁছেছে এবং আরও শক্তিশালী হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
এল নিনো মূলত মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত একটি জলবায়ু ঘটনা। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে। সাধারণত দুই থেকে সাত বছর পরপর এল নিনো দেখা দেয় এবং এর স্থায়িত্ব হতে পারে ৯ থেকে ১২ মাস।
ডব্লিউএমওর পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। এমনটি হলে তা রেকর্ড সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ তাপমাত্রার ঘটনাগুলোর একটি হতে পারে।