ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের হলে অধিদপ্তর ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে রবিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝড়, বৃষ্টি, বন্যা, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে বড় ধরনের সফলতা দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাতের পূর্বাভাসও।
আগাম সতর্কবার্তা প্রচারের ফলে বজ্রপাতে প্রাণহানি আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের হলে অধিদপ্তর ও রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমের (রাইমস) যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া অধিদপ্তর অগ্রণী ভূমিকা রাখছে। ঝড়, বৃষ্টি, বন্যা, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগের ১০ দিন থেকে তিন মাসের পূর্বাভাস দিয়ে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হচ্ছে।
তিনি বলেন, “আমরা ২-৪ ঘণ্টা পূর্বে বজ্রপাতের স্থান ও দিকের পূর্বাভাস দেওয়া শুরু করেছি। এর ফলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ৩৫০-৪০০ কমে ২৫০-৩৫০ জনে নেমে এসেছে। আর এগুলো সম্ভব হয়েছে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমের বিপুল সমর্থনের মাধ্যমে।”
মমিনুল ইসলাম জানান, আবহাওয়া অধিদপ্তর ও রাইমসের উদ্যোগে একটি আবহাওয়া অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই এটি সর্বসাধারণের জন্য চালু করা হবে। অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনে আবহাওয়ার বিভিন্ন তথ্য জানা যাবে।
কর্মশালায় ভূমিধসের আগাম সতর্কতা নিয়ে আলোচনা করেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক আবহাওয়াবিদ মো. কামরুল হাসান। তিনি বলেন, দেশে বেশিরভাগ ভূমিধস ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হয়। বর্তমানে ভূমিধসের মাত্র ২৪ ঘণ্টা আগে পূর্বাভাস দেওয়া সম্ভব হলেও আরও আগাম সতর্কতা দেওয়ার বিষয়ে কাজ চলছে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগে ভূমিধসের প্রবণতা বেশি। ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ভূমিধসে সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
ড. মো. বজলুর রশিদ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন। ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ২০২৩ সাল থেকে নিয়মিত আলাদাভাবে বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে অধিদপ্তর। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে।
তিনি বলেন, “বজ্রপাত থেকে বাঁচতে হলে আকাশে বজ্রধ্বনি শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।”
কর্মশালায় রাইমসের আবহাওয়াবিদ সৈয়দা সাবরিনা সুলতানা, খায়রুল ইসলাম অন্তর, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাকিব ইমতিয়াজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন।