কোলাজ: এআই
অসহনীয় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন নগরবাসী। কোথাও সামান্য স্বস্তি নেই। বাসায় বৈদ্যুতিক পাখার নিচে বসেও ঝরছে ঘাম। তার ওপর লোডশেডিংয়ে ঘরে থাকা যেন দায়। তাই অনেকেই শরীর কিছুটা শীতল করতে রেললাইন, পার্ক কিংবা রাস্তার ফাঁকা জায়গায় বসে অপেক্ষা করছেন একপশলা বাতাসের। হঠাৎ একঝটকা বাতাস এলেই যেন শরীরে নেমে আসছে সামান্য প্রশান্তি।
আবহাওয়াবিদরা বলছেন, এখন ভাদ্রের গরম। বৃষ্টি কমে যাওয়া, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং বাতাসের গতি কম থাকায় তাপমাত্রা তুলনামূলক কম হলেও গরমের অনুভূতি তীব্র হচ্ছে। আরও দুদিন এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর বৃষ্টি হলে গরমের চাপ কিছুটা কমবে। তবে পুরো ভাদ্র মাসেই এমন ভ্যাপসা গরমের প্রবণতা থাকতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পাবনায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি। অন্যান্য জেলায় তাপমাত্রা ছিল গড়ে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ৩২ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও শরীরে প্রায় ৪০ ডিগ্রির মতো অনুভূত হতে পারে।
রাজধানীর নাখালপাড়ার হিরা বেগম দুপুরে রান্না করছিলেন। তিনি বলেন, রান্নাঘরে বাতাস ঢোকে না। গরমে শরীর জ্বালা-পোড়া করে। তাই বৈদ্যুতিক পাখার নিচে বসে তরকারি কাটেন, এরপর কোনোমতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করেন। বেশিক্ষণ থাকা যায় না; বারবার পাখার নিচে ফিরে আসতে হয়।
গত সোমবার রাত ১১টার দিকে তেজগাঁও নাখালপাড়া রেললাইনে দেখা যায়, শত শত নারী-পুরুষ বসে আছেন। তাদের ভাষ্য, টানা দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ঘরে থাকা যাচ্ছিল না। তাই রেললাইনের ফাঁকা জায়গায় এসে বসেছেন। জামালপুর থেকে ঢাকায় আসা রাজমিস্ত্রি মাহতাব হোসেন বলেন, ‘গরিবের শান্তি বলে কিছু নেই।’ প্রতিদিন রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। তখন দেড়-দুই ঘণ্টা রেললাইনে এসে বসে থাকতে হয়।
নাবিস্কো থেকে কুড়িল বিশ্বরোডগামী গণপরিবহনেও ছিল একই চিত্র। গাড়ির বৈদ্যুতিক পাখার নিচে বসেও যাত্রীরা ঘামছিলেন। পল্টন থেকে গাজীপুরগামী রফিকুল ইসলাম বলেন, বর্তমান গরমে শরীরের চামড়ার ভেতর পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়ার মতো জ্বালা-পোড়া করছে।
প্রতিদিনের বাংলাদেশকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গরম বেশি অনুভূত হওয়ার মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। দুপুরে আর্দ্রতা ৬০ শতাংশের বেশি থাকলে গরমের অনুভূতির তীব্রতা বাড়ে।
গতকাল দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি ও আর্দ্রতা ৬০ শতাংশ; রাজশাহীতে ৩৫ ডিগ্রি ও ৬৫ শতাংশ; রংপুরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি ও ৬৭ শতাংশ; ময়মনসিংহে ৩২ দশমিক ৫ ডিগ্রি ও ৭৪ শতাংশ; সিলেটে ২৯ ডিগ্রি ও ৯০ শতাংশ; চট্টগ্রামে ৩২ দশমিক ৮ ডিগ্রি ও ৭২ শতাংশ; খুলনায় ৩৩ ডিগ্রি ও ৮৬ শতাংশ এবং বরিশালে ৩৪ ডিগ্রি ও ৫২ শতাংশ।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি মূলত ভাদ্রের স্বাভাবিক গরম। বর্ষার শেষদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। বৃষ্টিপাত কমে গেলে সেই আর্দ্রতার কারণে গরম আরও তীব্রভাবে অনুভূত হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানও বলেন, বর্ষায় বৃষ্টি না হলে গরম থাকা স্বাভাবিক। বৃষ্টি হলে তাপমাত্রা ও গরমের অনুভূতি কমে। তার ধারণা, আরও দুদিন পর গরম কিছুটা কমতে পারে।
ড. মল্লিক জানান, বর্ষাকালে টানা বৃষ্টি না হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে না। হালকা বা বিচ্ছিন্ন বৃষ্টিতে বরং নিচের স্তরে জলীয় বাষ্প বাড়ে এবং সুপ্ত তাপ পরিবেশে থেকে যায়। টানা তিন, পাঁচ বা সাত দিন বৃষ্টি হলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়। এ ছাড়া বাতাসের গতি কম থাকায় তাপ ও আর্দ্রতা দ্রুত সরে যেতে না পারায় অস্বস্তিও বাড়ে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। গতকাল নারায়ণগঞ্জ, পঞ্চগড়, নেত্রকোণা, সিলেট, রাঙামাটি, টেকনাফ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও সাতক্ষীরায় ১ থেকে সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।