× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভ্যাপসা গরমে নগরবাসীর হাপিত্যেশ কাটবে কবে

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২০:০৬ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৩:১২ পিএম

রাজধানীর প্রায় সব এলাকাতেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানীর প্রায় সব এলাকাতেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। ছবি: এআই দিয়ে তৈরি

গত কয়েক দিন ও রাতে ভ্যাপসা গরমে হাপিত্যেশ উঠছে নগরবাসীর। গত রাতে যখন বিদ্যুৎ চলে যায়, তখন অনেকেই না ঘুমিয়ে বারান্দায় এসে বসে। রাজধানীর প্রায় সব এলাকাতেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ।

ঘামে একাকার তেজগাঁওয়ের হাসিবুর রহমান বলেন, ‘কয়েকদিন যাবত অসহ্য গরম। বিদ্যুৎ না থাকলে গরমের মাত্রা উঠে চরমে।’ অন্যদিকে মোহাম্মদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘রাতে বিদ্যুৎ চলে যায়। তখন বারান্দায় এসে বসি। বাতাসও কম। ঘুমাতে পারিনি। সকালে উঠে মাকে নিয়ে হাসপাতালে গিয়েছি। এখন শরীর ম্যাজ ম্যাজ করছে। দিনে শরীর প্রচুর ঘামছে। ভ্যাপসা গরমের গা জ্বলে যাওয়ার অবস্থা।’

আগস্ট মাসে এ ধরনের পরিস্থিতি কেন হচ্ছে, জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এখন প্রায় সারা দেশেই ৩২-৩৪ ডিগ্রি (সেলসিয়াস) তাপমাত্রা। আর এই তাপমাত্রাতেও শরীরে ফসকা পড়ার মতো অনুভূত হচ্ছে গরম। এ অবস্থার মূল কারণ হচ্ছে এখন বৃষ্টি নেই। দক্ষিণমুখি বাতাস বইছে। শরীর ঘামছে। সেই ঘাম শরীরে আগুনের মত জ্বলছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার বিকাল ৫টায় ঢাকায় বাতাসে জলীয় বাস্প ছিল ৮১ শতাংশ, চট্টগ্রামে ৭৪ শতাংশ, রংপুরে ৮৫ শতাংশ, ময়মনসিংহে ৭৫ শতাংশ, সিলেটে ৭৯ শতাংশ, খুলনায় ৮০ শতাংশ, বরিশালে ৭৪ শতাংশ। অর্থাৎ সারা দেশেই বাতাসে ৭০-৮৫ শতাংশ জলীয় বাষ্প।’

এ কে এম নাজমুল হক বলেন, ‘গত কয়েকদিন যাবত বৃষ্টি না থাকায় বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতি আরও চার থেকে পাঁচ দিন থাকবে। এখন তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি থাকলেও আরও দুই থেকে তিন ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। শরীরের ঘাম শরীরেই শুকাচ্ছে। এতে গরমের অনুভূতি বাড়ছে।’

আরেক আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বর্ষাকালে টানা বৃষ্টিপাত না হলে গরম বেড়ে যায়। আর বর্ষাকালে বৃষ্টিকণায় তাপমাত্রা থাকে ধণাত্বক। ফলে হালকা বৃষ্টি হলেও গরম বেড়ে যায়। অর্থাৎ বর্ষা মৌসুমে যে মেঘমালা থেকে বৃষ্টি হয় সেই মেঘের মধ্যে যে পানির কণা থাকে তার তাপমাত্রা থাকে ধণাত্বক।’

তিনি আরও বলেন, ‘সাধারণত নিচের তাপমাত্রা বেশি থাকে, আর ওই পানির কণা যত নিচের দিকে আসতে থাকে সেটি নিচের সেই তাপের সংস্পর্শে এসে তাপমাত্রা আরও বাড়তে থাকে। সে জন্য বর্ষার বৃষ্টিতে তাপমাত্রা তেমন একটা কমে না। পাশাপাশি বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প সবচেয়ে বেশি থাকার কারণে সুপ্ত তাপ পরিবেশে থেকেই যায়। এই কারণে বর্ষাকালে যদি টানা বৃষ্টি হয় তিন দিন, পাঁচ দিন, সাত দিন, তখন সারফেস তাপমাত্রা কমে। এক পসরা, দুই পসরা বৃষ্টি হলে তাপমাত্রা আরও বাড়ে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় লোয়ার লেভেলে। তখন সুপ্ত তাপমাত্রা ছেড়ে দিয়ে পরিবেশকে আরও উত্তপ্ত করে।’

ড. মল্লিক বলেন, ‘তা ছাড়া টেলিকানেকশনের মধ্যে এল নিনো শক্তিশালী অবস্থায় আছে। এটি শক্তিশালী অবস্থায় থাকলে একটা বৃহত্তর রিজিয়নে, মানে দক্ষিণ এশিয়ার বৃষ্টিপাত কমে যাওয়ায় রিজওনাল তাপমাত্রা বাড়তি থাকে, সেই তাপমাত্রার প্রভাবও পড়েছে।’

সাধারণত আগস্টে জলীয় বাষ্প কত থাকে জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল-দুপুরে সাধারণত ৮০ থেকে ৯০ শতাংশ জলীয় বাষ্প থাকে। এর মধ্যে বিকেলে জলীয়বাষ্পের পরিমাণ ৮০-১০০ শতাংশের বেশি থাকে। আর দুপুর ১২টায় জলীয় বাষ্প ৬০ শতাংশের বেশি থাকলে সেটি তাপমাত্রা বৃদ্ধির  নিয়ামক হিসেবে কাজ করে। দিনের জলীয়বাষ্প দিয়ে বেশি কিছু বোঝা যায় না, কেননা প্রায় সারা বছরই সকালে জলীয়বাষ্প থাকে ৮০ থেকে ৯০ শতাংশ।’

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, ‘দুপুর বেলায় জলীয়বাষ্প যদি কিছুটা বেশি থাকে, অর্থাৎ ৬০ শতাংশ, তাহলে এই বাতাসকে বলা হয় আদ্রবায়ন বা আদ্র বাতাস। সেটি সুপ্ততাপ ছেড়ে দিয়ে যদি বাতাসের জলীয়বাষ্প ৪০ শতাংশের নিচে থাকে, আর তা অপেক্ষা বাতাস যদি আদ্র থাকে, তখন গরমের অনুভূতির তীব্রতা বাড়ে।’

‘এখন বাতাসের গতিবেগ কম রয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঢাকা বা আশপাশের এলাকায় বাতাসের গতিবেগ ১০ থেকে ১৫ কিলোমিটার থাকার কথা। এটি কখনও কমে গিয়ে ১০ থেকে ১২ কিলোমিটারের মধ্যে নেমে আসে। এ সময়ে দেখা যায় গাছের পাতাও তেমন একটা নড়ে না। ফলে এনভারনমেন্টে যে সুপ্ত তাপ ছেড়ে দেয়, তখন বাতাসের গতিবেগ কম হওয়ার কারণেও গরমের অনুভূতির তীব্রতা বাড়ে।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া ‍যানবাহনের ধোঁয়া, কলকারখানা, রেফ্রিজারেটর, এয়ার কুলিংসহ নানা কারণে ঢাকার পরিবেশ বেশি উত্তপ্ত। সবকিছু মিলিয়ে বর্ষাকালে গরমের অনুভূতির তীব্রতা প্রতিবছরই সাধারণত বেশি থাকে। আর এবার একটু বেশি নিয়ামক, কেননা দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা