× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এল নিনো: ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে ২০২৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৪:১০ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৪:১১ পিএম

২০১৫ সালে এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় ব্যাপক খরা দেখা দিয়েছিল। ছবি: সংগৃহীত

২০১৫ সালে এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় ব্যাপক খরা দেখা দিয়েছিল। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে তৈরি হতে থাকা এল নিনো সাম্প্রতিক কালের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

এই শক্তিশালী প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ায়।

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় ২০২৭ সাল বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে সতর্ক করেছে মেট অফিস। তাদের পূর্বাভাস অনুযায়ী, এমনটি হওয়ার আশঙ্কা ‘খুবই বেশি’।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। ভারতে স্বাভাবিকের তুলনায় কম মৌসুমি বৃষ্টিপাত এবং আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় কমে যাওয়াকে এর সম্ভাব্য প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যের মেট অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিভাগের প্রধান অধ্যাপক অ্যাডাম স্কাইফ বলেন, “এটি যে নজিরবিহীন একটি ঘটনা, সে বিষয়ে আমাদের পরিষ্কার থাকা উচিত। আমাদের পূর্বাভাসে এর মতো তীব্র এল নিনোর সংকেত আমি আগে কখনও দেখিনি।”

এল নিনো কী?

এল নিনো একটি প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা, যা সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর ঘটে এবং প্রায় এক বছর স্থায়ী হয়।

প্রশান্ত মহাসাগরের ওপর সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে চলা বায়ুপ্রবাহ দুর্বল হয়ে যায়, কখনো কখনো দিকও পরিবর্তন করে। এর ফলে উষ্ণ সমুদ্রের পানি পূর্ব দিকে ছড়িয়ে পড়ে।

সমুদ্রের এই অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বৈশ্বিক তাপমাত্রা বাড়ায় এবং বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন ঘটায়।

প্রশান্ত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে বিজ্ঞানীরা সেটিকে এল নিনো হিসেবে ঘোষণা করেন। বর্তমানে ওই অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

মেট অফিসের সর্বশেষ পূর্বাভাস বলছে, চলতি বছরের শেষ দিকে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সময় এই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

এমনটি হলে ১৯৫০ সাল থেকে সংরক্ষিত রেকর্ডে এটি হবে নজিরবিহীন ঘটনা এবং সম্ভবত উনিশ শতকের পর সবচেয়ে শক্তিশালী এল নিনো।

সমুদ্রের গভীরে, বিশেষ করে কিছু এলাকায় ১০০ মিটার গভীরতায় স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ পানি এই এল নিনোকে আরও শক্তিশালী করতে পারে। বিশাল পরিমাণ এই উষ্ণ পানি মূলত এল নিনোর জন্য অতিরিক্ত ‘জ্বালানি’ হিসেবে কাজ করতে পারে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান বার্কলে আর্থের জলবায়ুবিজ্ঞানী ড. জেকে হাউসফাদার বলেন, “এই ঘটনা বিকশিত হতে এখনও অনেক মাস বাকি। এ কারণেই এটি রেকর্ড গড়তে পারে- এ বিষয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে।”

কিছু জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান মেট অফিসের পূর্বাভাসের চেয়েও শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে। কোনো কোনো পূর্বাভাসে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার কথাও বলা হচ্ছে।

হাউসফাদারের মতে, এমনটি ঘটলে এটি গত ৫০০ বা এমনকি ১ হাজার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। তবে এত দীর্ঘ সময়ের আগের তথ্য নিশ্চিতভাবে জানা সম্ভব নয় বলেও জানান তিনি।

জলবায়ু পরিবর্তন কি এল নিনোকে আরও শক্তিশালী করছে?

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর ঘটনা আরও ঘন ঘন বা আরও তীব্র হচ্ছে- এমন কোনো প্রমাণ এখনও নেই।

তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গবেষণা ও বিতর্ক রয়েছে।

হাজার হাজার বছরের ঐতিহাসিক তথ্য থেকে দেখা যায়, অতীতেও এল নিনোর শক্তি উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। ফলে সাম্প্রতিক সময়ে এর শক্তি বাড়ার সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

তবে একটি বিষয় স্পষ্ট—এল নিনো এখন আরও উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর প্রেক্ষাপটে ঘটছে। ফলে এর কারণে সৃষ্ট আবহাওয়াগত প্রভাব আরও তীব্র হতে পারে।

বিশ্বজুড়ে কী প্রভাব পড়তে পারে?

প্রশান্ত মহাসাগরে তাপের বণ্টনে পরিবর্তন এবং এর ওপরের বায়ুমণ্ডলে বায়ুপ্রবাহের পরিবর্তন বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।

প্রতিটি এল নিনোর বৈশিষ্ট্য এক নয়। ফলে এর প্রভাবও একেকবার একেক রকম হতে পারে। তবে এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এল নিনোর বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ঘটাতে পারে। ২০২৬ সালেও এখন পর্যন্ত এ অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

ক্যারিবীয় অঞ্চল ও ক্রান্তীয় আটলান্টিকে বায়ুপ্রবাহের পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ও কমে যেতে পারে। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র তিনটি নামকরণ করা ঝড় সৃষ্টি হয়েছে।

ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অঞ্চলে এল নিনোর প্রভাব আরও ব্যাপক হতে পারে। অস্ট্রেলিয়ায় খরা ও দাবানলের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে পেরু, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বন্যার আশঙ্কা বাড়তে পারে।

২০২৭ সাল হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর

এল নিনোর সময় সমুদ্র থেকে বিপুল পরিমাণ তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা বেড়ে যায়।

মেট অফিসের জলবায়ুবিজ্ঞানী ড. নিক ডানস্টোন বলেন, এল নিনোর শীতকালীন সর্বোচ্চ পর্যায়ের পরের ক্যালেন্ডার বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা বিশেষভাবে বেড়ে যেতে পারে।

তাই ২০২৭ সাল ২০২৪ সালকে ছাড়িয়ে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে নতুন রেকর্ড গড়তে পারে- এমন আশঙ্কা খুবই বেশি।

এদিকে চলতি মাসের শুরুতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, এল নিনোর কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা