বন্যার পানিতে তলিয়ে গেছে বান্দরবান শহরের নিম্নাঞ্চল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১২ জেলায় বন্যার আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান রবিবার দুপুর ১২টায় দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানান।
সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি; উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ; উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা কিছুটা অবনতি হতে পারে।
এদিকে ৫টি স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে, সাঙ্গু নদী (বান্দরবান) ও দোহাজারী (চট্টগ্রাম); কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট); সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।
অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানানো হয়েছে।