প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
ভারি বৃষ্টিতে ঢাকার অলিগলিতে জমেছে কোমরসমান পানি। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রবিবার ভোরে শুক্রাবাদ এলাকা থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আষাঢ়ের বিদায় বেলায় বেড়েছে বৃষ্টি। শনিবার দিবাগত রাত থেকেই দেশের ৬ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। রবিবার সকালে বৃষ্টির মাত্রা আরও বেড়েছে।
অঝোরধারায় বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট, আগারগাঁও, কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন একায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। আর গত ১৫ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮৫ মিলিমিটার।
সকাল সকাল বৃষ্টি হওয়ায় বিপাকে পড়ে বিদ্যালয়গামী শিক্ষার্থী ও অফিসগামীরা। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলও কষ্ট ও ব্যয় সাধ্য হয়ে পড়েছে।
গণমাধ্যমকর্মী আরাফাত বিন হাসান বলেন, রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক গাড়ি বিকল হয়ে পড়ে আছে। ফলে অনেক যানজটের সৃষ্টি হয়েছে। অফিসে যাওয়ার জন্য সকাল ৮টায় কাঠালবাগান থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্কে পৌঁছেছি বেলা ১২টায়, যেখানে অন্যান্য দিন সময় লাগে ৩০ মিনিট। যানজট ও জলাবদ্ধতার কারণে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টির সতর্কবার্তায় জানিয়েছে, আজ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
তা ছাড়া ঝড়োহাওয়া সংক্রান্ত এক পূর্বাভাসে ১৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
এসব জেলায় দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে গত শনিবার সকাল ৯টা থেকে রবিবার ৯টা পর্যন্ত সারাদেশে ১৭৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে ঢাকা বিভাগে ৪৩০, রাজশাহীতে ১৫৫, রংপুরে ১৩৫, ময়মনসিংহে ৯৫, সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪৪১, খুলনায় ২৮৬ এবং বরিশালে ১৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, আজ সারাদিনই থেমে থেমে কম-বেশি বৃষ্টি হবে।