দেশের ছয় জেলার কিছু এলাকায় দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: বাসস
দেশের ছয় জেলার কিছু এলাকায় দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সোমবার প্রকাশিত এক সতর্কবার্তায় জানায়, বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ।
এ সতর্কবার্তার মূল উদ্দেশ্য বজ্রপাতজনিত ঝুঁকি সম্পর্কে মানুষকে আগাম সতর্ক করা উল্লেখ করে অধিদপ্তর জানিয়েছে, এই পূর্বাভাস বৃষ্টি কখন শুরু হবে, কতক্ষণ স্থায়ী হবে বা কী পরিমাণ বৃষ্টিপাত হবে এসব তথ্য নির্ধারণের জন্য নয়।
অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টি শুরুর আগে, বৃষ্টি চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে।
সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকতে পারে। এ কারণে ওই সময়টুকু নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।