বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: বাসস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিভাগে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি বিরাজ করতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে।
এ কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় আজ বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে এবং সকাল ছয়টায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।