প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৭:১৬ পিএম
বাংলাদেশের প্রথম ও জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন ‘ভ্রমণকন্যা’ সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে সাত দিনব্যাপী ট্রাভেল ফেস্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন। রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে আজ শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ আগস্ট পর্যন্ত।
শিল্পকলার ৬ ও ৭ নম্বর গ্যালারিতে ভ্রমণ সম্পর্কিত ২০০-এর বেশি ছবি প্রদর্শনী হবে। বাংলাদেশের প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আলোকচিত্রে স্থান পাবে। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও ভ্রমণ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং এ বিষয়ে অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন থাকবে। ফটোগ্রাফি ও রাইটিং প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকার টিকিট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ ও ৭ নম্বর গ্যালারির মিলনায়তনে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। ট্রাভেলেটস অব বাংলাদেশ- ভ্রমণকন্যার দুই প্রতিষ্ঠাতা হলেন ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হক। দেশের নারীদের ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য সাত বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে ভ্রমণকন্যাদের দল। বর্তমানে এই গ্রুপে ৮৫ হাজার নারী আছেন। ভ্রমণপ্রিয় নারীদের কম খরচে দেশবিদেশ ঘুরে বেড়ানোর জন্য ২০১৬ সালের ২৭ নভেম্বর যাত্রা করে এ গ্রুপটি।