ঈদের ছুটিতে
সাহিদা আক্তার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৬:৪৫ পিএম
কর্মব্যস্ত জীবনে ঘুরতে যাওয়ার অবসর মেলে খুব কমই। বছরের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ এনে দেয় সেই অবসর। এই সময়ে অনেকেই প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে চান। তবে ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতির আর তা যদি হয় ঈদের ছুটিতে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ঈদের ছুটিতে ভ্রমণের পূর্ব প্রস্তুতির কিছু টিপস।
কোথায় যাবেন
বেড়াতে যাওয়ার আগে সর্বপ্রথম ঠিক করতে হয় গন্তব্য। আর এর ওপর নির্ভর করেই ঠিক করতে পারবেন ভ্রমণের সময়, বাজেট, অন্যান্য সুযোগ-সুবিধা ইত্যাদি। গত বছরের মতো এবারের ঈদও বেশ গরমের মধ্যেই পড়তে যাচ্ছে। তাই যে জায়গাগুলোতে অত্যধিক কায়িক পরিশ্রম হবে, সে জায়গাগুলোকে এড়িয়ে যাওয়া উত্তম। যেমন : পাহাড় ও ঘন বনাঞ্চলের স্থলে গুরুত্ব দেওয়া যেতে পারে সাগর, নদী, হাওর এবং খোলামেলা কোনো জায়গা।
পরিবহন
ঈদের ছুটিতে প্রচুর মানুষ বিভিন্ন গন্তব্যে পথ পাড়ি দেয়। প্রতি ঈদে পরিবহনগুলোর সিট বুকিংয়ের লাইনে প্রচুর মানুষের ভিড়ে হাজারো ঝামেলা পোহাতে হয়। তাই যত আগে সম্ভব সিট বুক করে নেওয়া উত্তম। তাছাড়া গ্ৰুপ টুর দিলে রিজার্ভ পরিবহনেও যাত্রা করতে পারেন।
যেমন হবে থাকা-খাওয়া
ঈদে ভ্রমণপিপাসুদের জন্য এই বিষয়টি নিয়ে আগে থেকেই ভেবে রাখা ভালো। কী ধরনের আবাসিক হোটেল ঠিক করা হচ্ছে, সঙ্গে বা আশপাশে খাবারের হোটেল আছে কি না, সে ব্যাপারগুলো ঢাকা থেকেই ঠিক করে যাওয়া উচিত। বিশেষ করে দুই থেকে তিন দিনের ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণসঙ্গীদের সঙ্গে আলোচনা করে বাজেট অনুযায়ী একটি উপযুক্ত লোকেশনে আবাসন ঠিক করতে হবে।
ব্যাগ গোছানো
কী ধরনের জায়গায় যাচ্ছেন এবং কতদিন থাকতে হবে, তার ওপর নির্ভর করবে আপনার ট্রাভেল ব্যাগে কী কী নেবেন। ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বুঝেশুনে ব্যাগ গোছাতে হয়। যতটা সম্ভব অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া উচিত।
বাজেটের ব্যবস্থাপনা
নির্ধারিত বাজেটের থেকে কিছুটা বাড়িয়ে টাকা-পয়সা নেওয়া উচিত। ক্রেডিট বা ডেবিট কার্ডধারীদেরও সঙ্গে ক্যাশ টাকা রাখতে হবে। এমনকি ছোট ছোট ভাংতিও প্রস্তুত রাখতে হবে। মোবাইলে বেশি করে রিচার্জ করা অথবা বিকাশ বা নগদে টাকা ভরে নেওয়া যেতে পারে।
প্রয়োজনীয় পরিধেয়
যেহেতু গরমের ঈদ, তাই সাদা বা হালকা রঙের কাপড়ই শ্রেয়। সদ্য কেনা জুতা ব্যবহার করা যাবে না। খেয়াল রাখতে হবে প্রচণ্ড গরমের সময় কাপড় যেন বেশি আঁটসাঁট না হয়। এ ছাড়া এ সময়ের ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা ও রেইনকোট সঙ্গে নিতে ভুলবেন না।