যশোর সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১২:৫৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৩:৫২ পিএম
নভোএয়ারের যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠান। প্রবা ফটো
নভোএয়ার যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বুধবার (৩০ নভেম্বর) যশোর বিমানবন্দরে এ গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ট্রাভেল এজেন্সি ও বিভিন্ন স্থানীয় নেতারা।
সরাসরি ফ্লাইটটি যশোর থেকে প্রতি সপ্তাহে বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টা ৫৫ মিনিটে পৌঁছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে বেলা ১১টায় পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুজনের যশোর থেকে কক্সবাজারের রিটার্ন টিকিট কিনতে হবে। এই অফারে দুজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৬টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। চুক্তিবদ্ধ হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।
এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যশোর থেকে কক্সবাজার যেতে অনেক দুর্ভোগ পোহাতে হতো, এ ফ্লাইট চালু হলে সেটি লাঘব হবে। যাত্রী বেশি হলে আরও অতিরিক্ত ফ্লাইট চালু করা হবে। যদিও পদ্মা ও কালনা ব্রিজ হওয়ার পরে যাত্রীর চাহিদা অনেক কমে গেছে। তাই পর্যাপ্ত যাত্রী না হলে দীর্ঘদিন লস দিয়ে বিমান চালানো যাবে না।