সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৪:৪২ পিএম
সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে এবার ময়মনসিংহ বিভাগের জন্য আইএসপিএবি-নিক্স উদ্বোধন করলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ফলে সার্বিকভাবে ইন্টারনেট সেবায় বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে।
বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্টের ( আইএসপিএবি-নিক্স) আয়োজনে শনিবার (১১ মে) সন্ধ্যায় বনানীর গোল্ডেন টিউলিপ-দ্যা গ্র্যান্ডমার্ক হোটেলে এই স্মার্ট টেলিকম সেবার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রহিম খান।
অনুষ্ঠানে জানানো হয়, আইএসপিএবির উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে আইএসপিএবি-নিক্স গঠনে ২০২০ সালের ৭ সেপ্টেম্বর লাইসেন্স পায়। নিক্স বাংলাদেশের মধ্যে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে।
এ ছাড়া জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অলাভজনক সেবা হিসেবে দেশের ৯টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়। এসব প্রতিষ্ঠান প্রায় ৩০০ জিবিপিএস ডাটা ব্যবহার করছে। এর মধ্যে ১০০ জিবিপিএস ব্যবহার করছে আইএসপিএবি- নিক্স।
আইএসপিএবি-নিক্সের মাধ্যমে গত ১২ মাসে ৪৩ কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে। নিক্সের কারণে সার্বিকভাবে সাশ্রয় হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা। নিক্স বিভাগ ছাড়াও গুরুত্বপূর্ণ অনেক জেলা শহরে পপস স্থাপন করতে আগ্রহী।
উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের সঙ্গে, আইএসপিএবি-নিক্স বাংলাদেশের মধ্যে ডিজিটাল পরিষেবাগুলোর বিকাশ ও প্রচারকে উৎসাহিত করতে পারে। এটি ই-কমার্স, মিডিয়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে। তা ছাড়া নিক্স বাংলাদেশের মধ্যে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল পরিষেবা হোস্ট করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে।
সামগ্রিকভাবে, আইএসপিএবি-নিক্স বাংলাদেশের ইন্টারনেট ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে ডিজিটাল অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং সব নাগরিক এবং স্টোকহোল্ডারদের সুবিধার জন্য অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করার সম্ভাবনা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আবদুর রহিম খান বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আরও একটি বিভাগ নিক্সের আওতায় আনতে পেরেছে আইএসপিএবি। এটা সম্ভব হয়েছে নেতৃত্বের কারণে। নিক্সের মাধ্যমে আগামী কয়েক বছরে ট্রাফিক ২-৩ ট্যারাবাইট হবে না তা বলা যায় না। আইএসপিএবি আমাদের অর্থনীতিতেও সহযোগিতা রাখছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিপিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ। তিনি বলেন, দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে আমরা আমাদের নিক্স পপ প্রতিষ্ঠার সুযোগ প্রসারিত করব। এক্ষেত্রে বিপিসি বরাবরের মতো আইএসপিএবি’র সঙ্গে থাকবে।
সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, সারা দেশে সাধারণ মানুষের মধ্যে স্বল্প মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান এবং সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করাই হলো এই নিক্সের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই রাজধানীতে মহাখালী, মতিঝিল, ধানমন্ডি, মিরপুরে চারটি পপসহ খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিক্স স্থাপন করেছি। আমরা আশা করি, আগামী এক বছরের মধ্যে সব বিভাগীয় ও কিছু জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব, যা স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন হিসেবে কাজ করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ। স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মো. কাজী সাজ্জাদ হোসেন রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আইএসপিএবির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসাইন, সহ-সভাপতি মো. আনোয়ারুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইউম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুজন, পরিচালক মাহবুব আলম রাজু, সাকিফ আহমেদ, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো. নাছির উদ্দিন এবং মো. মাহমুদুল হাসান আরিফ।