প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৬:৫২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৭:০৭ পিএম
মার্ক জুকারবার্গ (বাঁয়ে) ও ইলন মাস্ক । ছবি : সংগৃহীত
ইলন মাস্ক দ্বৈতরথ নিয়ে ‘সিরিয়াস’ নয় বলে মন্তব্য করেছেন মার্ক জুকারবার্গ। রবিবার (১৩ আগস্ট) নিজের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে এক পোস্টে জুকারবার্গ এ অভিযোগ করেছেন। ফলে প্রযুক্তি কোম্পানির দুই মোগলের বহুল আলোচিত এই দ্বৈতরথ হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে এলো।
জুকারবার্গ পোস্টে লেখেন, ‘ইলন যে আগ্রহী নয় এ বিষয়ে আমরা সবাই সম্ভত একমত। এখন আমার সামনে এগিয়ে যাওয়ার পালা। ইলনকে ইতঃপূর্বে একটা তারিখ অফার করা হয়েছিল। কিন্তু তিনি সার্জারির কথা বলে তাতে সম্মত হননি। এখন তিনি (ইতালিতে দ্বৈতরথের পরিবর্তে) আমার প্রতিষ্ঠানের মাঠে একটা অনুশীলন রাউন্ডের প্রস্তাব করছেন। ইলন যদি একটি আনুষ্ঠানিক দ্বৈতরথ চাইতেন, তিনি দিনক্ষণ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতেন। এখন আমার এগিয়ে যাওয়ার সময়। যারা খেলাকে গুরুত্বসহকারে নেয় কেবল তাদের সঙ্গেই আমি দ্বৈতরথে নামতে চাই।’
মাস্ক ও জুকারবার্গের এই দ্বৈতরথ নিয়ে জুন থেকে আলোচনা চলছে। সম্প্রতি এটা হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এ অবস্থায় নিজের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, এ লড়াই হতে যাচ্ছে ইতালির কোনো অসাধারণ স্থানে। পাশাপাশি লড়াই থেকে প্রাপ্ত আয় দাতব্য সংস্থায় দান করা হবে। এ ছাড়া দর্শকরা মেটা ও এক্সের লড়াইটি লাইভ স্ট্রিমিং করতে পারবেন।
মাস্ক জানিয়েছেন, পুরো লড়াইটি তত্ত্বাবধান করবে তার ও জুকের (জুকারবার্গ) ফাউন্ডেশন। ফ্রেমের সবকিছুই হবে প্রাচীন রোমের আদলে। যেখানে আধুনিকতার কিছুই থাকছে না। এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও সংস্কৃতিমন্ত্রী উভয়ের সঙ্গেই কথা হয়েছে মাস্কের। তারা এই মহাকাব্যিক আয়োজনে একমত।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘যা কিছু করা হয়েছে তা ইতালির অতীত ও বর্তমানকে সম্মান করবে এবং এর সমস্ত আয় প্রবীণদের কাছে যাবে।’
তবে এ লড়াইয়ের কোনো দিনক্ষণ জুকারবার্গ বা মাস্ক কেউই জানাননি। তবে দুজনই এটিকে সামনে রেখে প্রশিক্ষণ শুরু করেছেন। মাস্ক তার অনুসারীদের বলেন, ’আমি সারা দিন ওজন (ওয়েট) তুলছি ও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।‘ জুকারবার্গও ফেসবুকে এক পোস্টে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন।
মূলত মাস্কই জুকারবার্গকে এ লড়াইয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। জুকারবার্গও তাতে রাজি হন। আর ইতালির যে স্থানে লড়াইয়ের গুঞ্জন রয়েছে, তা হলো রোমের কলোসিয়াম। রোমান সাম্রাজ্যের সময় সেখানে হিংস্র প্রাণীর সঙ্গে মানুষের কিংবা মানুষে-মানুষেও লড়াই হতো। হাজারও দর্শকের এ লড়াই উপভোগের ব্যবস্থা ছিল।
সূত্র : বিবিসি, এক্সপ্রেস ট্রিবিউন।