প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২২:৪৫ পিএম
গুগল সার্চে এসেছে নতুন ফিচার। এখন থেকে ইংরেজি ব্যাকারণ দেখে দিতে পারবে পরিষেবাটি। ফিচারটি ইংরেজি বাক্যাংশ বা বাক্যের গঠন বিশ্লেষণ করবে এবং কোনো কিছু ঠিক করা প্রয়োজন মনে করলে তা জানিয়ে দেবে।
কোনো কিছু এভাবে ঠিক করে নিতে চাইলে ব্যবহারকারীকে শুধু নিজ বাক্য বা বাক্যাংশের পাশে লিখে দিতে হবে ‘গ্রামার চেক’, ‘চেক গ্রামার’ বা ‘গ্রামার চেকার’ শব্দগুলো। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট বলছে, এটি করলেই সক্রিয় হয়ে উঠবে ফিচারটি।
৯টু৫ গুগলের বরাতে জানা গেছে, গুগল সার্চের ওই ফিচারটি এআই সক্ষমতায় চলবে। তবে সবসময় যে সঠিক ও নির্ভুল তথ্য দেবে এমনটা নয়। বিশেষ করে পুরো বাক্যের বদলে বাক্যাংশ পরীক্ষা করতে দিলেই গোলমাল বাঁধিয়ে ফেলতে পারে ফিচারটি।
ব্যবহারকারীদের জন্য অবশ্য একটি অপশন খোলা থাকবে। কোনো গুগল সার্চের দেওয়া কোনো পরামর্শ ঠিক নয় বলে মনে করলে, তারা ফিডব্যাক জানাতে পারবেন। সেটিকে পরে আমলে নেবে গুগল।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, আপাতত শুধু ইংরেজির জন্য পাওয়া যাবে সেবাটি। গুগলের অনুসন্ধান নীতি লঙ্ঘন করে এমন কোনো বাক্য বা বাক্যাংশ ঠিক করে দেবে না ফিচারটি। বিপজ্জনক, হয়রানিমূলক, চিকিৎসাজনিত, যৌন সুস্পষ্ট বা সন্ত্রাসী কন্টেন্টের ব্যাকারণ দেখা দেবে না বলেও জানিয়ে রেখেছে গুগল।
জিমেইল ও গুগল ডকসের মতো সেবাগুলোতে আগে থেকেই গ্রামার টুলস ছিল গুগলের। তবে সে বিষয়টিকে সার্চে নিয়ে আসার ঘটনা এবারই প্রথম। সূত্র: এনগ্যাজেট, ৯টু৫গুগল