× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের প্রথম ‘অমানবী’ সংবাদ পাঠিকা অপরাজিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২০:৩৪ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২২:১৩ পিএম

চ্যানেল ২৪-এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ পাঠিকা অপরাজিতা। ছবি : সংগৃহীত

চ্যানেল ২৪-এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংবাদ পাঠিকা অপরাজিতা। ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই) নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনায় এবার যুক্ত হলো বাংলাদেশের নামও। চীন, কুয়েত ও ভারতের পর এবার বাংলাদেশে প্রথমবারের মতো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ করেছে এআই প্রযুক্তিতে তৈরি করা সংবাদ পাঠিকা (নিউজ প্রেজেন্টার)। 

এর মধ্য দিয়ে সংবাদ উপস্থাপনায় এইআই প্রযুক্তি ব্যবহার করে দেশের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে চ্যানেল টোয়েন্টিফোর। বুধবার (১৯ জুলাই) বেসরকারি এই চ্যানেলের ‘সন্ধ্যা ৭টার নিউজ বুলেটিন’  পাঠে ব্যবহার করা হয়েছে এআই প্রেজেন্টারকে, যার নাম রাখা হয়েছে ‘অপরাজিতা’। গাঢ় নীল রঙের শার্ট ও বাদামী কোট গায়ে টিভি পর্দায় হাজির হওয়া অপরাজিতাকে দেখে বোঝার উপায় ছিলো না যে আদতে এই তরুণী রক্ত-মাংসের কোনও মানুষ নয়। 

বিশেষ এই বুলেটিন প্রচারের আগে চ্যানেল টোয়েন্টিফোরের নিয়মিত সঞ্চালক ফারাবী হাফিজ দর্শকদের সঙ্গে অপরাজিতাকে পরিচয় করিয়ে দিয়ে তাকে বলেন, অপরাজিতা আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ২৪-এ। প্রথম দিনে দর্শকদের জন্য কী খবর নিয়ে আসছেন, প্রথম দিনে কী থাকছে আপনার কাছে?

জবাব দেওয়ার আগে কিছুটা সময় নেয় অপরাজিতা। এরপর স্বাভাবিক মানুষের মতো বলতে থাকে, ফারাবী আপনাকে ধন্যবাদ। আপনাদের মতো করে আমিও চেষ্টা করবো নিউজ পড়ার। কতোটুকু সম্ভব হবে তা জানি না। 

দর্শকদের উদ্দেশে অপরাজিতা বলে, দর্শক স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রেজেন্টার হিসেবে থাকছি চ্যানেল টোয়েন্টিফোরে। এরপর সে খবর পাঠ করতে শুরু করে। ওই বুলেটিনে স্থানীয় সংবাদ প্রতিনিধিদেরও যুক্ত করেছে অপরাজিতা। 

সংবাদ উপস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন গণমাধ্যমকে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।’ 

বাংলাদেশের চ্যানেলে এআই প্রযুক্তি ব্যবহারের খবরটি গতকাল দেশের সব গণমাধ্যমে বিশেষভাবে আলোচনায় উঠে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়েছে। তিবে সারাবিশ্বের মতো বাংলাদেশেও এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। চ্যানেল টোয়েন্টিফোরের ভেরিফায়েড ফেসবুক পেজে অপরাজিতা সংক্রান্ত একটি পোস্টের মন্তব্যের ঘরে অনেককে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করতে দেখা গেছে। 

রিয়া মাহমুদ, তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজন তাদের মন্তব্যে এআই প্রযুক্তির দাপটে মানুষের কর্মসংস্থান কমবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রিয়াদ আহাম্মেদ নামে একজন লিখেছেন, বিশ্বাস করেন, আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় ভাগ বসাবে এআই। তবে বাংলাদেশে প্রথমবার এআই প্রযুক্তি ব্যবহারের প্রশংসাও করেছেন অনেকে। পাকিজা মল্লিক নামে একজন মন্তব্য করেছেন, বাংলাদেশও কারও চেয়ে কোনও অংশে কম নয়। 

উপমহাদেশে সংবাদ উপস্থাপনায় প্রথম এআই ব্যবহারের কৃতিত্ব অবশ্য ভারতের দখলে। গত ৯ জুলাই ভারতের ওড়িশাভিত্তিক টিভি চ্যানেল ওটিভিতে লিসা নামে এক এআই প্রেজেন্টারকে খবর পড়তে দেখা গেছে। এরপর ভারতের কর্ণাটকসহ বেশ কিছু রাজ্যে এ ধরণের প্রেজেন্টার ব্যবহার শুরু হয়েছে। গত এপ্রিলে ফিদা নামের এআই প্রেজেন্টারকে দিয়ে খবর পড়িয়ে আলোড়ন তুলেছে কুয়েতের একটি প্রচারমাধ্যম। তবে সংবাদ উপস্থাপনায় বিশ্বে প্রথমবার এআই ব্যবহারের চমক দেখিয়েছে চীন। গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ পাঠসহ বিভিন্ন কাজে এআই প্রেজেন্টারদের ব্যবহার করা হচ্ছে। সংবাদ মাধ্যমে কৃত্তিম বৃদ্ধিমত্তার দাপটে মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে কিনা তা নিয়ে নানামুখী আলোচনা চলছে পুরো বিশ্বজুড়ে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা