প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৯:২৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:২১ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তাকে হুমকি বলার পরে এবার নিজেই এআই কোম্পানি খুলেছেন মাস্ক। ছবি : সংগৃহীত
গত বছর ওপেনএআই তাদের টেক্সটের মাধ্যমে কথোপকথনে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই)-নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করার কিছু দিন পরই প্রযুক্তি জগতে গুঞ্জন
শুরু হয় একই ধরনের কোম্পানি আনছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও। বুধবার (১২ জুলাই)
এক ঘোষণায় এক্সএআই নামের কোম্পানিটির আনুষ্ঠানিক উন্মোচন করেছেন তিনি।
পাশাপাশি এক্সএআইয়ের নতুন ওয়েবসাইট ও এক ডজন কর্মীর একটি দলকেও পরিচয়
করিয়ে দিয়েছেন। মাস্ক এ-ও জানিয়েছেন, এক্সএআইয়ের অগ্রযাত্রায় কোম্পানিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে
কাজ করবে টুইটার ও টেসলা। বৈদ্যুতিক স্বচালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার এরই মধ্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার বিশাল দল রয়েছে।
ওয়েবসাইটের তথ্যমতে, এক্সএআইয়ের লক্ষ্য হলো মহাবিশ্বের সত্যিকার প্রকৃতি
বোঝা। পাশাপাশি ওয়েবসাইটের তথ্য নিশ্চিত করছে যে এক্সএআইতে সক্রিয়ভাবে কর্মী নিয়োগ
চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতা ধ্বংস করতে পারে—এমন মতবাদে বিশ্বাসী প্রযুক্তিবিদদের একজন ইলন মাস্কও। তিনি বেশ কয়েকবার এ বিষয়ে সতর্ক করেছেন। এমনকি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এআই রেসে বিরতি দেওয়ার জন্য এক চিঠিতে স্বাক্ষরও করেছিলেন তিনি। অথচ এখন নিজেই এআই কোম্পানি চালু করেছেন।
এর আগে টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে গত এপ্রিলে তিনি তার
এই কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি তার ভবিষ্যৎ চ্যাটবটকে
ট্রুথজিপিটি বলে উল্লেখ করেন। তিনি সে সময় দাবি করেছিলেন– তার কোম্পানির
এআই হবে সত্য-সন্ধানী এআই। আর এটি মহাবিশ্বকে বোঝার বিষয়ে হবে যত্নশীল।
ইলন মাস্ক চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের শুরুর দিককার
সমর্থক ও বিনিয়োগকারী ছিলেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের
সঙ্গেও তার উষ্ণ সম্পর্ক ছিল। তিনি অল্টম্যানকে সাক্ষাৎকারও দিয়েছিলেন। পরে টেসলা ও
স্পেসএক্সে জোর দিতে ওপেনএআই থেকে সরে দাঁড়ান।
কিন্তু চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর ইলন দাবি করেন, চ্যাটবটটি পক্ষপাতদুষ্ট,
একই সঙ্গে এটি যৌনতানির্ভর প্রতিক্রিয়া ছড়ায়।
সূত্র : সিএনএন