× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেদের কর্মীর জীবন বাঁচাতে এআই ব্যবহার করবে জাতিসংঘের সংস্থা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৬:১১ পিএম

মালি মিশনে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

মালি মিশনে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবার মানবিক কাজে এই প্রযুক্তি কাজে লাগাতে চাইছে জাতিসংঘের একটি অঙ্গ সংস্থাও। এরই মধ্যে জার্মানির একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে এ-সংক্রান্ত কাজও শুরু হয়েছে।

মূলত মানবিক সহায়তা কর্মীদের জীবন বাঁচাতে সংঘাত ও দুর্যোগ অঞ্চলে খাদ্য সহায়তার প্যাকেজ পৌঁছানোর কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবোটিক যানবাহন ব্যবহার করতে চাইছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালের প্রথম দিকেই এআই-চালিত রোবোটিক যানবাহনগুলোর ব্যবহার শুরু করতে চাইছে তারা।  

জাতিসংঘের এই সহযোগী সংস্থাটি বলছে, রোবোটিক যানবাহনের ব্যবহার কর্মীদের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। কারণ খাদ্য সহায়তার কাজ করতে গিয়ে চলতি বছরে সুদানেই তিন কর্মী হারিয়েছে ডব্লিউএফপি। এখনও দেশটিতে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) চলছে।

এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ সুদানে প্রায় ৫০টি ট্রাক ব্যবহার করছে তারা। অথচ সংস্থাটির পর্যাপ্ত ড্রাইভার নেই। ড্রাইভারের এই সংকট কাটানোও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। সংস্থাটি মনে করে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই এই সংকট কাটানো সম্ভব।

ডব্লিউএফপির উদ্ভাবন বিভাগের প্রধান বার্নহার্ড কোওয়াটস জানিয়েছেন, জার্মান অ্যারোস্পেস সেন্টারের (ডিএলআর) সঙ্গে এরই মধ্যে অ্যাহেড (স্বচালিত মানবিক জরুরি সহায়তা ডিভাইস) প্রকল্পে কাজ করছেন তারা। আগামী বছরের শুরুর দিকে ড্রাইভার ছাড়াই এটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে।

অ্যাহেড ডিভাইসের মাধ্যমে স্যাটেলাইট ও সেন্সর থেকে প্রাপ্ত ডেটার আলোকে দুরবর্তী নিরাপদ স্থান থেকে খাদ্যবাহী যানগুলো চালানো সম্ভব হবে। ক্ষেত্রবিশেষে এটি নিজে নিজেই চলতে পারবে। আর এটি মোটেও নতুন কিছু নয়, টেসলার মতো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বেশ কয়েক বছর ধরেই স্বচালিত গাড়ি ব্যবহার করছে। এ ছাড়া বিভিন্ন দেশের সামরিক বাহিনীও দূরনিয়ন্ত্রিত ট্রাক ব্যবহার করে থাকে।   

এর আগে ক্ষুধা দূর করা বিষয়ক জাতিসংঘের বৈশ্বিক লক্ষ্যে এআই কী ধরনের ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে জেনেভায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন আয়োজিত একটি সম্মেলনের সাইডলাইনে বার্নহার্ড কোওয়াটস বলেন, ‘কখনও কখনও ড্রাইভার বা ডব্লিউএফপি কর্মীদের পাঠানো খুব বিপজ্জনক। তাই সেই (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হলে একটি বড় পরিবর্তন আসতে পারে।’

এ ছাড়া জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি হিংসাত্মক সংঘাতের সময় অতিক্রম করছে বিশ্ব। এমন অবস্থায় সাম্প্রতিক সময় সাহায্যকর্মীদের ওপরেও হামলার সংখ্যা বেড়েছে। সে ক্ষেত্রে ডব্লিউএফপির খাদ্য পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার একসময় জাতিসংঘের অন্যান্য প্রকল্পেও ছড়িয়ে যেতে পারে।  

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা