প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১২:৪০ পিএম
সাধারণের জন্য উন্মুক্ত করার চার ঘণ্টার মধ্যে প্রায় ৫০ লাখ মানুষ থ্রেডসে ঢুঁ মেরেছেন। ছবি : সংগৃহীত
টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘থ্রেডস’ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৫ জুলাই) উন্মুক্ত করার চার ঘণ্টার মধ্যে প্রায় ৫০ লাখ ব্যবহারকারী অ্যাপটিতে ঢুঁ মেরেছেন। এটা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রো ব্লাগিং অ্যাপের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থ্রেডস প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ১০০ দেশে চালু করা হয়েছে। শাকিরা ও গর্ডন রামসের মতো কিছু বিখ্যাত সেলিব্রেটিকে ইতোমধ্যে থ্রেডসে তৎপর দেখা গেছে। অপরাহ উইনফ্রে এবং দালাই লামার মতো ব্যক্তিকেও থ্রেডস ব্যবহার করতে অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে।
গার্ডিয়ান জানায়, থ্রেডসের অধিকাংশ ফিচার টুইটারের মতোই। তবে কিছু পরিভাষায় ভিন্নতা রয়েছে। যেমন টুইটারে যেটাকে টুইট বলা হয় থ্রেডসে সেটাকে বলা হয় পোস্ট। রিটুইটকে বলা হয় রিপোস্ট।
আরও পার্থক্য হলো, থ্রেডসে টুইটারের তুলনায় দীর্ঘ পোস্ট করা যাবে। টুইটারের সাধারণত ২৮০ শব্দে কোনো বক্তব্য টুইট করতে হয়। থ্রেডসে সর্বোচ্চ ৫০০ শব্দের পোস্ট করা যাবে।
আর মার্ক জাকারবার্গের নতুন এ প্ল্যাটফর্মে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করা যাবে। তা ছাড়া ব্যবহারকারীরা চাইলে কাউকে অনফলো, ব্ল্যাক করতে পারবেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো থ্রেডসেরও মূল প্রতিষ্ঠান মেটা। মেটার এ নতুন অ্যাপটি অ্যাপল ও গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে এটা ব্যবহার করার জন্য ইনস্টগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলে একই অ্যাকাউন্ট থেকে থ্রেডসও ব্যবহার করা যাবে।
সূত্র : গার্ডিয়ান