প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৪:৩১ পিএম
এইচটিসির পোস্টারে ভিআর প্ল্যাটফর্ম ভাইভার্সের লোগো দেখা যাচ্ছে। ছবি : এইচটিসি
বিশ্ববাজারে উন্মেচিত হতে যাচ্ছে তাইওয়ানভিত্তিক গ্যাজেট নির্মাতা
কোম্পানি এইটিসির নতুন ফোন। ‘এইচটিসি ইউ২৩ প্রো’ মডেলের ফোনটি
১৮ মে বাজারে আনতে যাচ্ছে কোম্পানিটি। শনিবার (১৩ মে) এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত
করেছে তারা।
এরই মধ্যে অনলাইনে ফাঁস হওয়া বেশ কিছু ইমেজে ফোনটি সম্পর্কে ধারণা
পাওয়া গেছে। এ ছাড়া স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশনও জানা গেছে।
পূর্বে ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা গেছে, রূপালি, হালকা সবুজ ও বেগুনি
এইচটিসি ইউ২৩ প্রো তিনটি রংয়ে পাওয়া যাবে। ফোনের পেছনের প্যানেলের ওপরের বাম কোনে একটি
আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা গেছে, পাশাপাশি ছিল এলইডি
ফ্ল্যাশ লাইট। টিপস্টাররা (অনলাইনে গ্যাজেট সম্পর্কিত আগাম তথ্য ফাঁসকারী) বলছেন, এটি হতে যাচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩
চালিত। এর ব্যাটারি ৪ হাজার ৬০০ এমএএইচ। চার্জিং পোর্টে ব্যবহার করা হয়েছে টাইপ সি।
এ ছাড়া বিস্তারিত আর তেমন কিছু জানা যায়নি। এইচটিসি বরাবরই প্রোডাক্টের গোপনীয়তার ক্ষেত্রে
বেশ সাবধানতা অবলম্বন করে।
তবে এইচটিসি যেই পোস্টার অনলাইনে প্রকাশ করেছে, সেখানে ভিআর প্ল্যাটফর্ম
ভাইভার্সের লোগোও দেখা যাচ্ছে। সেই হিসেবে এটিকে ভিআর উপযোগী ফোন হিসেবে তৈরি করা হয়েছে
কীনা তা স্পষ্ট নয়। এইচটিসিও এই বিষয়ে একেবারে নিশ্চুপ। তবে পোস্টারে ভাইভার্সের লোগোযুক্ত
এইচটিসির ঘোষণা ঘিরে প্রযুক্তি প্রেমীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
একসময় এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোন বিশ্ববাজারে বেশ জনপ্রিয়তা
পেয়েছিল। হুট করে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্র্যান্ড নিয়ে
জোরালো ভাবে কাজ শুরু করলে ধীরে ধীরে বাজার হারাতে থাকে এইচটিসি। এক সময় কোম্পানিটি
নতুন ফোন বাজারে আনা বন্ধ করে দেয়। তবে কোম্পানিটি সাম্প্রতিক কর্মকান্ডে স্পষ্ট হয়ে
উঠেছে যে নতুন করে তারা বাজারে আসতে চাইছে।
এরই মধ্যে গতমাসে ওয়াইল্ডফায়ার ই২ প্লে উন্মুক্ত করেছে এইচটিসি। লো
বাজেটের এই ফোনটি আফ্রিকার বাজারকে লক্ষ্য করেই বানানো। কোনো ধরণের বিশেষ ফিচার বা
নতুন কোনো প্রযুক্তি ব্যবহার না করেও স্বল্প দামের এই ফোনটি আফ্রিকার বাজারে বেশ জনপ্রিয়তাই
পেয়েছে।
২১০ গ্রাম ওজনের ও প্লাস্টিক ফ্রেমের ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার
করা হয়েছে ১২ ন্যানোমিটারের ইউনিসকের ‘টি৬০৬ চিপসেট’। গ্রাফিক্স
কার্ড হিসেবে রয়েছে ‘মালি-জি৫৭ এমপি১’। আর স্মার্টফোনটিতে
বেশ বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি, এর রেজ্যলুশন ৭২০*১৬৪০পি।
এর ক্যামেরা হিসেবে থাকছে কোয়ার্ড ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা সেটআপে
রয়েছে ২.২ অ্যাাপার্চারের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেলের
আল্ট্রা ওয়াইড, ২.৪ অ্যাপার্চারের ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, ২.৪ অ্যাপার্চারের
২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ক্যামেরাটি ৩০ এফপিএস ফুল এইচডি ভিডিও রেকর্ডে সক্ষম।
ফোনটিতে ফ্রন্ট/সেলফি ক্যামেরা হিসেবে যুক্ত করা হয়েছে ২.২ অ্যাপার্চারের ৮ মেগাপিক্সেলের
ওয়াইড লেন্স।
ফোনটির স্টোরেজ ১২৮ জিবি ও র্যাম ৮ জিবি। এ ছাড়া কার্ডস্লটও থাকছে।এতে
যুক্ত থাকছে ৪ হাজার ৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি সঙ্গে থাকছে ১০ ওয়াটের চার্জার।
কালো ও নীল এই দুই রংয়ে ফোনটি পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, এতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার,
জায়রো, প্রক্সিমিটি ও কম্পাসের সেন্সর রয়েছে।
সূত্র : গ্যাজেটস ৩৬০/জিএসএমআরিনা