প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৫:২৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ১৫:৩১ পিএম
যুক্তরাষ্ট্রের এআইনির্ভর প্রযুক্তি ইন্টারনেটে থাকা রাশিয়ার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য শনাক্ত ও সংগ্রহ করতে পারবে। প্রতীকী ছবি
রাশিয়ার গুজব বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি উদ্ভাবন করেছে। এটা ইন্টানেটে থেকে রাশিয়ার মিথ্যা তথ্য শনাক্ত ও সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৯ মে) যুক্তরাষ্ট্রের ফ্রিডন হাউস ২০২৩-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ব্লিনকেন। বক্তৃতায় ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ইউক্রেন কনটেন্ট অ্যাগ্রিগেটর নামের এআইভিত্তিক একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এটা অনলাইনে থাকা রাশিয়ার ভিত্তিহীন তথ্য সংগ্রহ করতে পারবে। এসব তথ্য সারা বিশ্বে আমাদের মিত্রদের সঙ্গে বিনিময় করা হবে।
বিশ্লেষণী কোম্পানি গ্রাফিকা এবং স্ট্যানফোর্ড ইন্টারনেট অভজারভেটরি এক প্রতিবেদনে জানায়, কয়েক শত অ্যাকাউন্ট থেকে গত পাঁচ বছর ধরে পশ্চিমাদের অবস্থান ও বয়ান প্রচার করা হচ্ছে। অ্যাকাউন্টগুলো পরিচালনা করে পেন্টগনের সেন্টকমের বিভিন্ন ইউনিট।
গত মার্চে যুক্তরাষ্ট্রের বিকল্প ঘরনার সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানায়, অনলাইনে প্রপাগান্ডা ও প্রতারণামূলক প্রচারণা চালাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ড। এ জন্য তারা ডিপফেক টেকনোলজি ব্যবহার করবে।
গত নভেম্বরে এআইভিত্তিক ভাষানির্ভর সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটি বাজারে আনে যুক্তরাষ্ট্রের ওপেনএআই নামের একটি সফটওয়্যার কোম্পানি। এরপর আরও কোম্পানি প্রায় একই ধরনের ভাষা ও ইমেজনির্ভর সার্চ ইঞ্জিন বাজারে আনে। অনেকগুলো বাজারে আসার পথে রয়েছে। আবার অনেকগুলো গোপনে ব্যবহৃত হচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণ, এআই মানব সভ্যতার ইতিহাসে একটি নতুন অধ্যায়। এটা আগামীর নিরাপত্তা, চিকিৎসা, গবেষণা, শিল্প-সাহিত্য অর্থাৎ যা কিছু মানবীয় সবকিছুকে মৌলিকভাবে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আরটি