প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৭:০২ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৭:০৭ পিএম
এখন থেকে ব্যবহারকারীরা চাইলে দরকারি তথ্য ‘কিপ ইন চ্যাট’ সুবিধার মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। ছবি : সংগৃহীত
ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারের মাধ্যমে মেসেজ প্রাপকের কাছে পৌঁছার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ ফিচারে নতুন একটি সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা চাইলে এখন ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারের মেসেজ রেখে দিতে পারবেন।
তবে ঠিক কোন কোন মেসেজ প্রাপক রাখতে পারবেন, তা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকবে শুধু বার্তা প্রেরকের হাতে। নতুন এ ফিচারের নাম ‘কিপ ইন চ্যাট’।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারের মাধ্যমে মেসেজ পাঠালে তা স্থায়ীভাবে থাকে না। তবে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে দরকারি তথ্য ‘কিপ ইন চ্যাট’ সুবিধার মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। তবে এটি নির্ভর করবে বার্তা প্রেরকের ওপর। বার্তা সংরক্ষণ করা হলে বার্তা প্রেরক তা জানতে পারবেন।
এদিকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মধ্যেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবার প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দের পর পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।
নতুন এ সুবিধা পেতে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুল। অন্য অ্যাপে গিয়ে বা কোনো লিঙ্কে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে নতুন এ সুবিধার ফলে। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা চালু করা হয়েছে।
ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো টুলটির মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই অর্থ সংগ্রহ করতে পারবে। ফলে তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারে অতিরিক্ত খরচ করতে হবে না প্রতিষ্ঠানগুলোর।
সূত্র : অ্যান্ড্রয়েড পুলিশ