প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:০৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১০ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে শটের পরিবেশও পরিবর্তন করে দেওয়া যাবে। ছবি : সংগৃহীত
ফিল্ম ও টেলিভিশন শিল্পে ব্যবহৃত নিজেদের ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্য চালুর পরিকল্পনা করছে গ্রাফিক্স ও ভিডিও
এডিটিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি ইনকর্পোরেটেড। সোমবার (১৭ এপ্রিল) এক
বিবৃতিতে কোম্পানিটি এমনটাই জানিয়েছে।
নতুন এই এআই টুলগুলো গতমাসে চালু হওয়া অ্যাডোবি ফায়ারফ্লাই নামের নতুন এক সিস্টেমে
যুক্ত করা হবে। এই টুলগুলোর মাধ্যমে একজন ভিডিও এডিটর চাইলেই শটে মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত
পর্যন্ত আলোর পরিমাপ পরিবর্তন করতে পারবেন। অর্থ্যাৎ দেখা গেছে কোনো শট নেওয়া হয়েছে
সকালবেলা, সফটওয়্যার ব্যবহারকারী চাইলে এটিকে দুপরের শটে পরিবর্তন করতে পারবে।
এ ছাড়া এআই টুল দিয়ে কয়েকটি শব্দ লিখেই ভিডিওর জন্য তৈরি করতে পারবে স্বতন্ত্র
মিউজিক। যেগুলো ভিডিওতেও যুক্ত করা যাবে। স্বতন্ত্র হওয়ায় ব্যবহারকারীকে কোনো কপিরাইটের
ঝামেলা নিতে হবে না।
এ ছাড়া নতুন এই অ্যাডোবি ভিডিও টুলের ব্যবহারকারীরা এআই সিস্টেমকে স্ক্রিপ্ট
পড়তে দিতে পারবে। ফলে অ্যাডোবির এআই স্বয়ংক্রিয়ভাবে একটি স্টোরি বোর্ড তৈরি করে দেবে
এমনকি গল্পের জন্য কিছু শটও সুপারিশ করবে। এমনকি বিজ্ঞাপণ নির্মাতা এজেন্সিগুলোর জন্য
দেশভেদে ভিন্ন ফুটেজ তারা সাজেশন দেবে।
অ্যাডোবির ডিজিটাল ভিডিও অডিও এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট আইভো মানোলভ
বলেন, ‘এর মাধ্যমে একটি বোতাম চেপে একই ভিডিওর ১ হাজার সংস্করণ তৈরি সম্ভব।’ অ্যাডোবি
এখন সিস্টেমটি পরীক্ষা করে দেখছে এবং চলতি বছরের শেষ দিকে ভিডিও টুলগুলো ব্যবহারকারীদের
জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন