প্রবা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৭:১৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১০:১৭ এএম
আইনস্টাইন বলেছিলেন, ‘জ্ঞানের চেয়েও কল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
কল্পনার রাজ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে। আকাশ-কুসুম কল্পনায় নিজেকে হারিয়ে কত না ছবি আঁকা। কেমন হয়, যদি সেই ছবি বাস্তব রূপ দেওয়া যায়! আপনার কল্পনার জগতের বাস্তবিক চিত্র এখন চাইলেই চোখে দেখা সম্ভব। সেটা কীভাবে?
তার জন্য করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এখন চাইলেই আপনি মনের মধ্যে আঁকা ছবি দেখতে পারবেন নিজ চোখে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকগুলো ফটো এডিটর রয়েছে। সেগুলোর মধ্যে মিডজার্নি অন্যতম। এটি আপনার যেকোনো চিন্তাকে সুন্দর ছবিতে পরিণত করতে সক্ষম।
যেভাবে কাজ করে
মিডজার্নি মূলত ডিসকর্ড [discord] ওয়েবসাইটের একটি অংশ। মিডজার্নি বট ব্যবহার করে ছবি তৈরি করার জন্য আপনার থাকতে হবে ডিসকর্ড অ্যাকাউন্ট (discord.com)। ডিসকর্ড ব্রাউজারে বট লিংক: https://discord.gg/midjourney ব্যাবহার করে প্রথমে প্রোফাইলে প্রবেশ করতে হবে। বটের প্রোফাইলে গেলে সাইডবারে অনেক লো চ্যানেল দেখা যাবে। যেমন #newbies-112, #newbies-172 ইত্যাদি। এই চ্যানেলগুলোতে মিডজার্নি বট ইনস্টল করা থাকে। এই চ্যানেলগুলোর একটিতে প্রবেশ করে বটের সঙ্গে চ্যাট করা যাবে।
নির্দেশনা অনুযায়ী আমাদের ছবি তৈরি করে দেবে মিডজার্নি। ছবি তৈরি করার জন্য লিখতে হবে /imagine, এরপর লাগবে পছন্দসই যে ছবি তৈরি করতে চাই তার কিওয়ার্ড। কিছুটা সময় নেবে ছবি তৈরি করতে। প্রতিটি নির্দেশনার জন্য চারটি ছবি তৈরি করবে মিডজার্নি। ওই চারটি ছবিরও আবার ভিন্নতা তৈরি করতে পারবেন। এরপর পছন্দমতো ছবিটি সেভ করে রাখতে পারবেন আপনার ড্রাইভে।

মিডজার্নি বট ব্যবহার করে প্রাথমিকভাবে বিনামূল্যে ২৫টি ছবি তৈরি করা যায়। এরপর আপনাকে মিডজার্নির মেম্বারশিপ নিতে হবে। তিনটি ক্যাটাগরিতে মিডজার্নির মেম্বারশিপ নেওয়া যায়।
বেসিক মেম্বারশিপে প্রতি মাসে খরচ হবে ১০ ডলার। বেসিক মেম্বারশিপ গ্রহণ করে আপনি তৈরি করতে পারবেন ৯০০টি ছবি। দ্বিতীয় ভাগে রয়েছে স্ট্যান্ডার্ড মেম্বারশিপ, মাসে ৩০ ডলারের বিনিময়ে তৈরি করা যাবে আনলিমিটেড ছবি। এ ছাড়া রয়েছে এন্টারপ্রাইজ মেম্বারশিপ। ৫০ ডলারের বিনিময়ে নিতে পারবেন এই প্যাকেজ।
প্রবা/দেবি/আশা