প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মিনিট আগে
বিশ্বের অন্যতম ক্ষুদ্র প্রজাতির ব্যাঙ ‘আফিয়া বিরাগোস পাডল ফ্রগ’। ছবি: জুলজিক্যাল সোসাইটি অব লন্ডন (জেডএসএল)
আকারে মাত্র দুই সেন্টিমিটার (প্রায় এক ইঞ্চি), আর প্রাপ্তবয়স্ক অবস্থায় ওজন পৌনে দুই গ্রামেরও কম। বিশ্বের অন্যতম ক্ষুদ্র ও বিরল প্রজাতির এই উভচর প্রাণীর নাম ‘আফিয়া বিরাগোস পাডল ফ্রগ’। বর্তমানে চরম বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই ব্যাঙটিকে বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণবিদেরা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘানার সংরক্ষণ জীববিজ্ঞানী কালেব ওফোরি-বোয়াটেং ২০১৮ সালে প্রজাতিটি শনাক্ত করেন এবং নিজের মায়ের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে তার নামানুসারে এর নামকরণ করেন। প্রাণীটি কেবল দক্ষিণ-পূর্ব ঘানার ‘আতেওয়া রেঞ্জ ফরেস্ট রিজার্ভ’-এর মাত্র দুটি স্থায়ী জলাশয়ে পাওয়া যায়। তবে ওই বনে অবৈধ ক্ষুদ্র স্বর্ণখনির তৎপরতার কারণে পরিবেশ ও পানি দূষিত হয়ে এদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে।
প্রজাতিটিকে পুরোপুরি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে গত বছর ২০টি ব্যাঙ যুক্তরাজ্যের লন্ডন চিড়িয়াখানায় পাঠানো হয়। সেখানে গবেষক বেন ট্যাপলে প্রথমবারের মতো কৃত্রিম পরিবেশে এদের প্রজননে সাফল্য পান। তিনি বিশেষ কৌশলে আর্দ্রতা বাড়িয়ে বৃষ্টির মতো পরিবেশ তৈরি করলে গত মাসে ১৫টি ব্যাঙাচির জন্ম হয়।
লন্ডনে উদ্ভাবিত এই সফল প্রজনন কৌশল ঘানার ‘সিএসআইআর-ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট’-এর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে, যাতে তারা কুমাসির প্রজননকেন্দ্রে এমন উদ্যোগ নিতে পারে। পাশাপাশি আইইউসিএনের ডাচ কমিটির আর্থিক সহায়তায় বনের সীমানায় জমি কেনার প্রক্রিয়া চলছে, যেন কৃত্রিমভাবে জন্ম নেওয়া এসব ব্যাঙকে আবারও তাদের প্রাকৃতিক আবাসে নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।