× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে রবির ফোরজি সাইট ২০ হাজার ছাড়াল, আওতায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে রবির ফোরজি সাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মাধ্যমে দেশের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ প্রতিষ্ঠানটির ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাইলফলক উদযাপন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে এই অর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক এবং রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা। এ সময় বিটিআরসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘২০ হাজার সাইটের মাইলফলক অর্জনের জন্য রবিকে অভিনন্দন। তবে আমি এটিকে শুধু একটি সংখ্যাগত অর্জন হিসেবে দেখি না। এটি বাংলাদেশের প্রতি রবির দীর্ঘমেয়াদি অঙ্গীকার, দেশের সম্ভাবনার প্রতি আস্থা এবং বাজারের ভবিষ্যতের প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন।’

বাংলাদেশকে বিশ্বের সপ্তম বৃহত্তম মোবাইল বাজার উল্লেখ করে উপদেষ্টা বলেন, নেটওয়ার্ক অবকাঠামো, স্পেকট্রাম ও প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ বজায় থাকলে বৈশ্বিক ডেটা গতির সূচকে বাংলাদেশ বর্তমান প্রায় ৮২তম অবস্থান থেকে শীর্ষ সাত বা আটটি দেশের মধ্যে পৌঁছাতে পারে। এ ছাড়া একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিজিটাল অর্থনীতি রূপান্তরের লক্ষ্যে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটরদের মধ্যে কার্যকর সহযোগিতার ওপর জোর দেন তিনি।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক বলেন, নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি সেবার মান নিশ্চিত করাই বিটিআরসির অন্যতম অগ্রাধিকার। রবির এই অর্জন টেলিযোগাযোগ খাতের সক্ষমতা ও ইতিবাচক বিনিয়োগ পরিবেশেরই প্রমাণ। নেটওয়ার্কের বিস্তৃতি ও সেবার মান উন্নয়নে বিটিআরসির সহযোগিতা অব্যাহত থাকবে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, ‘২০ হাজার ফোরজি সাইটের মাইলফলক অর্জন রবির সবার জন্যই গর্বের বিষয়। সম্প্রতি আমরা আমাদের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছি।’ তিনি জানান, দেশের ৯৯ শতাংশ মানুষকে নেটওয়ার্কের আওতায় এনে নিরবচ্ছিন্ন ডেটা সেবা নিশ্চিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যেসব এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছায়নি, সেখানে সম্প্রসারণের জন্য সরকার, বিটিআরসি এবং টাওয়ার কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির এই নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে আধা-শহর, গ্রামীণ জনপদ, পার্বত্য ও দুর্গম অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছেছে। এটি অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন ও মোবাইল আর্থিক সেবার পরিধি বাড়িয়ে ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখছে।

রবি আজিয়াটা পিএলসি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। কোম্পানিটিতে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের শেয়ার রয়েছে ৬১ দশমিক ৮২ শতাংশ, ভারতের ভারতী এয়ারটেলের ২৮ দশমিক ১৮ শতাংশ এবং সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে ১০ শতাংশ শেয়ার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা