× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পরই বিপাকে নাসার ‘ভয়েজার–১’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

শিল্পীর কল্পনায় আঁকা নাসার একটি ভয়েজার মহাকাশযান। ১৯৭৭ সালে গভীর মহাকাশে যাত্রা শুরু করেছিল এই যমজ অনুসন্ধান যান। ছবি: নাসা/জেপিএল-ক্যালটেক

শিল্পীর কল্পনায় আঁকা নাসার একটি ভয়েজার মহাকাশযান। ১৯৭৭ সালে গভীর মহাকাশে যাত্রা শুরু করেছিল এই যমজ অনুসন্ধান যান। ছবি: নাসা/জেপিএল-ক্যালটেক

পৃথিবী থেকে ‘এক আলোক-দিবস’ (ওয়ান লাইট-ডে) দূরত্বে পৌঁছানোর এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার মুহূর্তে আবারও যোগাযোগ বিভ্রাটে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ভয়েজার–১’। মানুষের তৈরি প্রথম বস্তু হিসেবে মহাশূন্যের এই অভাবনীয় দূরত্বে পৌঁছালেও যানটি এখন আর কোনো বৈজ্ঞানিক ও প্রকৌশলগত তথ্য পৃথিবীতে পাঠাতে পারছে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গভীর মহাকাশে থাকা এই অনুসন্ধান যানটি থেকে বর্তমানে কেবল একটি ফাঁকা ‘ক্যারিয়ার সিগন্যাল’ বা সংকেত পৃথিবীতে আসছে। সাধারণত মহাকাশযানের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের সংগৃহীত তথ্য এই রেডিও সংকেতের মাধ্যমে পৃথিবীতে আসে, কিন্তু এখন সংকেতটিতে কোনো তথ্য বা ডেটা পাওয়া যাচ্ছে না।

ভয়েজার–১ ঐতিহাসিক দূরত্বের মাইলফলক অতিক্রম করার ঠিক পাঁচ দিন আগে, গত ১৪ নভেম্বর নাসা প্রথম এই সমস্যাটি শনাক্ত করে। ‘এক আলোক-দিবস’ বলতে বোঝায় সেই দূরত্ব, যেখানে আলোর গতিতে চলমান একটি বেতার সংকেত পৌঁছাতে টানা ২৪ ঘণ্টা সময় নেয়—যা পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি মাইল (২ হাজার ৬০০ কোটি কিলোমিটার)।

প্রাপ্ত ক্যারিয়ার সিগন্যাল এবং গতিপথ হিসাব করে নাসার প্রকৌশলীরা নিশ্চিত করেছেন যে মহাকাশযানটি ওই ঐতিহাসিক দূরত্বে পৌঁছেছে। তবে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা ৪৯ বছর বয়সী এই যানটির বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মূল পরিকল্পনার চেয়ে প্রায় ১০ গুণ বেশি সময় ধরে মহাকাশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে এটি।

নাসা জানিয়েছে, ক্যারিয়ার সিগন্যাল আসার অর্থ হলো ভয়েজার–১-এর নেভিগেশন কম্পিউটার যানটিকে পৃথিবীর দিকেই মুখ করে রেখেছে এবং এর অ্যান্টেনা ও সম্প্রচার সরঞ্জামগুলো এখনও সচল রয়েছে। তবে কোনো তথ্য না আসার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে বৈজ্ঞানিক যন্ত্রগুলো থেকে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা অনবোর্ড কম্পিউটারে কোনো জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে ভয়েজার–১-এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে মাত্র দুটি চালু রয়েছে, বাকিগুলো বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

ভয়েজার–১ দল এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে যানটির চরম দূরত্বের কারণে যেকোনো ত্রুটি মেরামত করা অত্যন্ত সময়সাপেক্ষ। পৃথিবী থেকে সেখানে কোনো নির্দেশ পাঠালে তা পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগে এবং যানটির সাড়া পৃথিবীতে পৌঁছাতে আরও ২৪ ঘণ্টা—অর্থাৎ মোট ৪৮ ঘণ্টা সময় লেগে যায়।

ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) থেকে এটি পরিচালিত হয়। সংস্থাটির একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, সমস্যাটি এখনও অব্যাহত রয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

মহাকাশযানটিতে এমন বিভ্রাট এবারই প্রথম নয়। ঠিক তিন বছর আগে, ২০২৩ সালের ১৪ নভেম্বরও ভয়েজার–১ একইভাবে তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছিল। সে সময় নাসার প্রকৌশলীরা যানটির ‘ফ্লাইট ডেটা সাবসিস্টেম’ (এফডিএস) নামের কম্পিউটারে ত্রুটি শনাক্ত করেন, যা তথ্য সংগ্রহ ও প্রেরণের কাজ করে। তখন একটি চিপ নষ্ট হয়ে যাওয়ায় প্রকৌশলীরা বিকল্প কোডিংয়ের মাধ্যমে সেটির সমাধান করেছিলেন। এবারের সমস্যাটিও এফডিএস-এর কারণে কি না, নাসা তা এখনও নিশ্চিত করেনি; তবে প্রাথমিক তথ্যে সেদিকেই ইঙ্গিত মিলছে।

এ ছাড়া অতি সম্প্রতি গত অক্টোবরের শেষের দিকে ভয়েজার–১-এর সঙ্গে পৃথিবীর সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং টানা দুই দিন কোনো সংকেতই আসেনি। পরে তা নিজে থেকেই ঠিক হলেও ঘটনাটি প্রমাণ করে যে মহাকাশযানটি এখন তার সম্ভাব্য আয়ুষ্কালের শেষ প্রান্তে রয়েছে।

মহাকাশযানটি আর কত দিন কার্যকর থাকবে তা নিশ্চিত করে বলা কঠিন। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা ভয়েজার–১ এবং একই বছরের আগস্টের শেষের দিকে উৎক্ষেপিত এর যমজ মহাকাশযান ‘ভয়েজার–২’ মূলত পাঁচ বছরের এক মিশনের জন্য তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহের রহস্য উন্মোচন করা।

তবে সৌরজগতের সীমা ছাড়িয়ে যান দুটি এখন ইন্টারস্টেলার স্পেস বা আন্তনক্ষত্র মহাকাশে অবস্থান করছে। সূর্যপৃষ্ঠ থেকে সৃষ্ট সুরক্ষাবলয় ‘হেলিওস্ফিয়ার’ অতিক্রম করে ভয়েজার–১ ২০১২ সালে এবং ভয়েজার–২ ২০১৮ সালে গভীর মহাকাশের এই দূরবর্তী অঞ্চলে প্রবেশ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা