× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাহোটেক ২০২৬-এ সাফল্য, শীর্ষ তিনে বাংলাদেশের ‘লুনা এআই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘কাহোটেক ২০২৬’-এ দ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশের উদ্ভাবন ‘লুনা এআই’ (LUNA AI)। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড এআই যৌথভাবে উদ্ভাবিত প্রযুক্তিটি সম্মেলনে উপস্থাপন করে।

১৪ ও ১৫ নভেম্বর এএমটিজেডে অনুষ্ঠিত হেলথকেয়ার ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবন বিভাগে ‘সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড পেশেন্ট ইন্টারফেস’ শ্রেণিতে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয় লুনা এআই। এর মাধ্যমে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের এই উদ্ভাবন।

লুনার পূর্ণরূপ ‘ল্যাবএইড ইউনিফায়েড নিউরাল আর্কিটেকচার’। এটি তিনটি অংশে বিভক্ত একটি সমন্বিত প্রযুক্তিব্যবস্থা, যেখানে রোগীর প্রতিটি ভিজিটের তথ্য একই রেকর্ডে সংরক্ষিত হয়।

এর প্রথম অংশ ‘লুনা কোর’। এটি হাসপাতালের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। রোগী বাংলা বা ইংরেজিতে কথা বললে এটি প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে দেয়, অ্যাপয়েন্টমেন্ট ও প্রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে। এমনকি প্রেসক্রিপশনের ছবি তুললেও তা বাংলায় বুঝিয়ে দেয়।

দ্বিতীয় অংশ ‘লুনা ডক্টর’ বা ‘মেডডেস্ক’। এটি চিকিৎসকদের সহায়ক হিসেবে কাজ করে। রোগীর সম্মতিতে চিকিৎসক ও রোগীর কথোপকথন শুনে চিকিৎসার নোট ও প্রেসক্রিপশনের খসড়া তৈরি করে। তবে চিকিৎসকের অনুমোদন ও স্বাক্ষর ছাড়া কোনো তথ্য রোগীর কাছে পাঠানো হয় না।

তৃতীয় অংশ ‘লুনা কেয়ার’। চিকিৎসা-পরবর্তী সময়ে এটি রোগীর সঙ্গে যোগাযোগ রাখে। প্রতিদিন বাংলায় ফোন করে ওষুধ সেবন ও রিফিলের কথা মনে করিয়ে দেয়, রিপোর্ট বুঝিয়ে দেয় এবং পরবর্তী সাক্ষাতের সময় নির্ধারণে সহায়তা করে। তবে লুনা নিজে কোনো রোগ নির্ণয় করে না। জরুরি পরিস্থিতিতে রোগীকে সরাসরি হটলাইনে পাঠায়।

গত ১৮ জুলাই চালুর পর ১৩ নভেম্বর পর্যন্ত লুনা ২৮ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে। এ সময়ে ৩ হাজার ৩০০টির বেশি কথোপকথনে ১৭ হাজারের বেশি বার্তা বিনিময় হয়েছে। পাশাপাশি ৯৩০টির বেশি অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন হয়েছে। লুনার মোট ব্যবহারের প্রায় ৪৮ শতাংশ হয়েছে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টার মধ্যে, যখন হাসপাতালের ডেস্ক বন্ধ থাকে।

বর্তমানে labaidcancer.com ও লাইফপ্লাসে চালু রয়েছে লুনা কোর। লুনা ডক্টর (মেডডেস্ক) ও লুনা কেয়ার ১৫ নভেম্বর থেকে চালুর কথা রয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ল্যাবএইড চট্টগ্রামেও যুক্ত হবে লুনা।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের পরামর্শ ও তত্ত্বাবধানে লুনার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে সাকিফ শামীম বলেন, ‘আমাদের হাসপাতালে সারা দেশ থেকে রোগী আসেন। তাদের অনেকে পড়তে পারেন না, অনেকে জীবনে প্রথমবার এত বড় হাসপাতালে আসেন। লুনা তৈরির সময় আমরা বারবার একটি প্রশ্ন করেছি—একজন রোগী কোথায় গিয়ে সমস্যায় পড়তে পারেন? কোন চিকিৎসক, বিভাগ, ফরম, লাইন বা করিডর খুঁজবেন, প্রেসক্রিপশনে কী লেখা রয়েছে এবং চিকিৎসার পর কে তার খোঁজ নেবে—এসব বিষয় বিবেচনায় নিয়েই লুনা তৈরি করা হয়েছে। প্রতিটি ধাপে এটি রোগীর পাশে থাকে।

‘চিকিৎসকের ভূমিকার বিষয়টিও আমরা স্পষ্ট রেখেছি। লুনা কেবল খসড়া তৈরি করে, সিদ্ধান্ত ও স্বাক্ষর দেন চিকিৎসক। চালুর পর দেখা গেছে, ব্যবহারের প্রায় অর্ধেকই হয়েছে হাসপাতালের ডেস্ক বন্ধ থাকার সময়ে। অর্থাৎ রাত বা ভোরেও রোগীদের এ ধরনের সহায়তার প্রয়োজন রয়েছে। এই স্বীকৃতি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও ল্যাবএইড এআইয়ের দুই দলের সম্মিলিত অর্জন। তাদের ধন্যবাদ জানাই। লুনাকে আরও নির্ভরযোগ্য করার কাজ অব্যাহত থাকবে।’

কাহোটেক ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের এই অর্জনকে দেশের স্বাস্থ্যপ্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও রোগীদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব বাড়ছে। এ ক্ষেত্রে লুনা এআইয়ের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে তুলে ধরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা