× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

আল জাজিরা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে সাজানো ভারতের কলকাতার ‘ফিফা গলি’ নামের একটি সড়কে মুঠোফোন ব্যবহার করছেন এক ফুটবল ভক্ত। ২২ জুন ২০২৬। ছবি: সাহিবা চৌধুরী/রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে সাজানো ভারতের কলকাতার ‘ফিফা গলি’ নামের একটি সড়কে মুঠোফোন ব্যবহার করছেন এক ফুটবল ভক্ত। ২২ জুন ২০২৬। ছবি: সাহিবা চৌধুরী/রয়টার্স

সরকারি সংস্থাগুলোর জন্য ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার (ফোন এক্সট্রাকশন) সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি কিনতে নিজেদের তৈরি নিয়মেই ছাড় দিয়েছে ভারত। একটি ইসরায়েলি ফোন হ্যাকিং সংস্থাকে এই সুযোগ করে দেওয়া হয়েছে, যা অধিকারবিষয়ক গোষ্ঠী ও কর্মীদের মধ্যে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি করেছে।

ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ)-এর এক অনুসন্ধানে দেখা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয়নীতিতে ছাড় দেওয়ার নথিতে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে সরকারি ফরেনসিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলি প্রতিষ্ঠান ‘সেলিব্রিট’-এর পণ্যসহ অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তির আইটেম কেনার পথ সুগম করা হয়েছে।

মোদির কেন্দ্রীয় সরকার কিংবা তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোই কেবল এই প্রযুক্তি কেনেনি; প্রধান বিরোধী দল কংগ্রেস পরিচালিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটক রাজ্য সরকারও একই ধরনের ফোন এক্সট্রাকশন ও ক্লোনিং সরঞ্জাম কিনেছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভারতের এই বিস্তৃত নজরদারি সক্ষমতা কেবল পাসওয়ার্ড ছাড়া ফোন ক্লোন করা বা তথ্য নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও টিন্ডারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ক্লাউড-ভিত্তিক তথ্যের পাশাপাশি আমাজনের অ্যালেক্সা এবং গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইসের তথ্যও হাতিয়ে নিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত নজরদারির বিরুদ্ধে ভারতের বর্তমান আইনে কোনো সুরক্ষা বা নিয়ন্ত্রণ নেই এবং তথ্যের এই নিষ্কাশন সম্পূর্ণ আইনি ধূসর অঞ্চলে ঘটছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারি আল জাজিরাকে বলেন, নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে নজরদারির চেয়ে এখন ব্যাপক পরিসরে নজরদারি চালানো অনেক সহজ হয়ে পড়েছে।

ক্লাউড থেকে তথ্য নিষ্কাশন

আইএফএফের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৭ জানুয়ারির একটি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ম থেকে এক বছরের জন্য ব্যাপক ছাড় অনুমোদন করেন, যাতে অন্তত ৪২২টি ফরেনসিক পণ্য কেনা যায়। সাধারণ নিয়মে সরকারি চুক্তিতে বিদেশি সরবরাহকারীর চেয়ে ভারতীয় নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া বাধ্যতামূলক হলেও সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিয়ে এতে ছাড় দেওয়া যায়।

মন্ত্রণালয়ের ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে দেখা যায়, অমিত শাহ জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) তিন বছরের লাইসেন্সে ইসরায়েলি কোম্পানি সেলিব্রিটের ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি দিয়েছেন, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা (৫ লাখ ২৯ হাজার ৯৪৭ মার্কিন ডলার)।

সরকারি দরপত্রের শর্তাবলীতে এমন সফটওয়্যার চাওয়া হয়, যা জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে উদ্ধার করা ‘লগইন টোকেন’ ব্যবহার করে ১০০টিরও বেশি ক্লাউড সেবায় প্রবেশ করতে পারে।

আইএফএফের তালিকাভুক্ত ৪২২টি পণ্যের মধ্যে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকের অধীনে ১১৮টি আইটেম চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেলিব্রিটের পাথফাইন্ডার, ইনসাইটস অন-প্রেম প্রো এবং ইনসাইটস অফলাইন। সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ায় সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে সেলিব্রিটের সরঞ্জাম ব্যবহারের নজির রয়েছে। তালিকায় ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের পণ্যও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশের ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরির একটি দরপত্রে দেখা গেছে, তারা এমন ব্যবস্থা চেয়েছে যা অ্যাপলের ম্যাক ওএস, মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্সের পাসওয়ার্ড বাইপাস করতে পারে এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সিগন্যাল ছাড়াও টিন্ডার, গ্রিন্ডার, স্ল্যাক এবং ওনলিফ্যানসের মতো প্ল্যাটফর্মের ক্লাউড ডেটা ও ড্রোন বা পরিধানযোগ্য ডিভাইসের তথ্য হাতিয়ে নিতে পারে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও অভিযোগ

ভারতে নজরদারির এই অস্বচ্ছতা নিয়ে ভুক্তভোগীদের উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে। গত মাসে ভারতের নির্বাচন প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে যোগ দিতে এসে আটক হন জনপ্রিয় ইউটিউবার ও মোদির সমালোচক ধ্রুব রাঠী। পরে এক পডকাস্টে তিনি অভিযোগ করেন, পুলিশ ইসরায়েলি সেলিব্রিট প্রযুক্তির মাধ্যমে তার আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল, তবে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের কারণে তা ব্যর্থ হয়ে থাকতে পারে।

একইভাবে গত ১০ অক্টোবর দিল্লিতে আটক হওয়া ‘সিয়াসাত ডেইলি’ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন জানান, আটকের পর প্যাটার্ন ও ফিঙ্গারপ্রিন্ট লক থাকা সত্ত্বেও তার স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোন থেকে ধারণ করা ভিডিও ফুটেজ বেছে বেছে মুছে দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা গিয়েছিল, মোদি সরকারের আমলে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের ‘পেগাসাস’ স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর নজরদারি চালানো হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন ও আনন্দ মঙ্গনালে’র ফোনে পেগাসাসের উপস্থিতির প্রমাণ পায়। যদিও ভারত সরকার সব সময় অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে।

আইনি সুরক্ষার ঘাটতি

আইএফএফ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জব্দ করা মোবাইল ফোনের লক জোরপূর্বক খোলা এবং সম্পূর্ণ ডেটা নিষ্কাশন নিয়ন্ত্রণ করার মতো সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা ভারতে নেই। ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, নাগরিকের গোপনীয়তায় যেকোনো রাষ্ট্রীয় হস্তক্ষেপের জন্য আইনি ভিত্তি এবং যৌক্তিক উদ্দেশ্য থাকতে হবে।

আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, যুক্তরাজ্য বা জার্মানির মতো দেশগুলোতে নজরদারির ক্ষেত্রে সংসদীয় বা বিচার বিভাগীয় তদারকি থাকলেও ভারতে কেবল নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থা রয়েছে। ফলে সার্বিক নজরদারির ক্ষেত্রে আইনি সুরক্ষার বড় ধরনের ঘাটতি রয়েছে।

এসব বিষয়ে মন্তব্যের জন্য এনআইএ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ এবং বিরোধী দল শাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা