আদি পৃথিবীতে ধূমকেতুর আঘাতেই প্রাণের সঞ্চার হয়েছিল—এমন তত্ত্ব নতুন গবেষণায় ভুল প্রমাণিত হতে পারে। ছবি: প্রেস্টন ডাইচেস/নাসা
বিলিয়ন বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটাতে ধূমকেতুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ—কয়েক দশক ধরে চলে আসা বিজ্ঞানীদের এই বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে নতুন এক গবেষণা। বিজ্ঞানীদের সাম্প্রতিক এক কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে, প্রচলিত এই তত্ত্বটি হয়তো সঠিক নয়। খবর সিএনএন-এর।
গবেষণায় দেখা গেছে, বরফে ঢাকা ধূমকেতুতে যেসব ভঙ্গুর জৈব অণু থাকে বলে মনে করা হতো, পৃথিবীতে তীব্র গতিতে আছড়ে পড়ার সময় প্রচণ্ড আঘাতেই সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এর ফলে প্রাণের উৎপত্তি নিয়ে অন্তত ১৯৬১ সাল থেকে চলে আসা একটি প্রতিষ্ঠিত তত্ত্ব বড় ধরনের ধাক্কা খেল। অন্যদিকে মহাশূন্য থেকে পৃথিবীতে প্রাণের উপাদান আসার এই সামগ্রিক ধারণাকে বলা হয় ‘প্যানস্পারমিয়া’, যার বৈজ্ঞানিক ভিত্তি প্রস্তাব করা হয়েছিল আরও আগে, ১৯০৮ সালে।
বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ বুধবার প্রকাশিত এই গবেষণার নেতৃত্ব দেন গবেষক রিচার্ড আনস্লো।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমিতে পিএইচডি সম্পন্ন করার সময় তিনি এ গবেষণা পরিচালনা করেন। ৪০০ কোটি বছরেরও বেশি সময় আগে পৃথিবী যখন ১০০ মিটারের চেয়ে বড় এক লাখেরও বেশি ধূমকেতুর তীব্র আঘাতের মুখে পড়েছিল, সেই প্রাথমিক যুগটিকে আধুনিক মডেলের সাহায্যে ১ লাখ বার সিমুলেশন করে বিশ্লেষণ করেছে তার গবেষক দল।
গবেষণার প্রধান লেখক রিচার্ড আনস্লো জানান, প্রাথমিক পৃথিবীর পরিবেশ বিবেচনায় গড়ে কোনো সফল আঘাতের নজির সিমুলেশনে মেলেনি। ধূমকেতুতে প্রাণের জন্য জরুরি অণুগুলোর উচ্চ ঘনত্ব থাকলেও তীব্র গতির কারণে সেগুলো অক্ষত অবস্থায় পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। সিমুলেশনের ৫৪ শতাংশ ক্ষেত্রে কোনো সংঘর্ষই দেখা যায়নি; ৪৬ শতাংশ ক্ষেত্রে অন্তত একটি এবং খুব বিরল ক্ষেত্রে তিনটি পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
আনস্লোর মতে, অলৌকিকভাবে এমন কোনো সফল আঘাত যদি ঘটেও থাকে, তবে সেটির জন্য তরল পানিসহ অন্যান্য রাসায়নিক থাকার মতো একটি ‘নিখুঁত স্থান’ প্রয়োজন ছিল, যার সম্ভাবনা বাস্তবে খুবই কম।
গবেষণায় মূলত ‘হাইড্রোজেন সায়ানাইড’ (এইচসিএন) নামের একটি প্রাকৃতিক রাসায়নিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি প্রোটিন তৈরির অ্যামিনো অ্যাসিড গঠনের অন্যতম মূল উপাদান, যা হ্যালি ও হেল-বপসহ বহু ধূমকেতুতে শনাক্ত হয়েছে।
আনস্লো জানান, পৃথিবীতে আছড়ে পড়ার সময় উচ্চ তাপমাত্রা ও চাপে এ ধরনের অণু ধ্বংস হয়ে যায়। আর সাগরে আছড়ে পড়লেও তা দ্রুত দ্রবীভূত হয়ে যেত। এ ছাড়া ফসফরাস ও সালফারের মতো জীবন ধারণের প্রয়োজনীয় আরও কিছু উপাদানও ধূমকেতুতে সচরাচর মেলে না।
ধূমকেতু প্রাণের উপাদান না নিয়ে এসে থাকলে বিকল্প হিসেবে পৃথিবীর নিজস্ব রাসায়নিক স্তর বা ‘প্রিমর্ডিয়াল স্যুপ’ থেকেই জীবনের উপাদান তৈরি হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা। আরেকটি সম্ভাব্য উৎস হতে পারে গ্রহাণু, যা তুলনামূলক ধীরগতিতে এবং বেশি সংখ্যায় পৃথিবীতে আঘাত হেনেছিল। সম্প্রতি বেনু ও রিউগু নামের দুটি গ্রহাণুর নমুনায় প্রোটিন তৈরির বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডের সন্ধান মিলেছে।
পাশাপাশি গবেষণায় বলা হয়, পৃথিবীর তুলনায় প্রাচীন মঙ্গলে হাইড্রোজেন সায়ানাইড টিকে থাকার পরিবেশ হয়তো বেশি অনুকূল ছিল; কারণ আকার ছোট এবং সূর্য থেকে দূরে থাকায় সেখানে ধূমকেতুর আঘাতের গতি ছিল অনেক কম।
তবে এ গবেষণার মাধ্যমেই ধূমকেতুর ভূমিকাকে পুরোপুরি নাকচ করা যাচ্ছে না বলে মত দিয়েছেন অন্য বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের আর্থ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক কুইনি চ্যান বলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই হয়তো রাসায়নিক বিক্রিয়া ঘটে আরও সহনশীল জৈব যৌগ তৈরি হয়েছিল।
মিশিগানের অ্যালবিয়ন কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিকোল জেলনারও মনে করেন, এই ফলাফল ধূমকেতুর অবদানকে পুরোপুরি উড়িয়ে না দিলেও এর সম্ভাবনার মাত্রা নির্ধারণে বাস্তবসম্মত একটি ভিত্তি তৈরি করেছে।