প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ২২:৫৪ পিএম
বাংলাদেশে ‘পাবজি মোবাইল’–এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের ইস্পোর্টস খাতে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে বৈশ্বিক গেমিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ‘পাবজি মোবাইল’–এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের ইস্পোর্টস খাতে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা করছে বৈশ্বিক গেমিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট। সম্প্রতি চীনে টেনসেন্টের সদর দপ্তরে দেশীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইকিউবের (Ecube) স্বত্বাধিকারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশে পাবজি মোবাইলের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো, বৃহত্তর পরিসরে এর কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক ইস্পোর্টস ইকোসিস্টেমের উন্নয়ন ও সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দেশের প্রতিযোগিতামূলক গেমিং খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করার উপায়গুলোও গুরুত্ব পায়।
ইকিউব কর্তৃপক্ষ জানায়, দেশের ইস্পোর্টস শিল্পের জন্য এই বৈঠক আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৈঠকে টেনসেন্ট প্রতিনিধিরা বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের উদীয়মান ইস্পোর্টস শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বড় মাপের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন এবং স্থানীয় গেমারদের জন্য আরও বিস্তৃত সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশের তরুণদের মাঝে মোবাইল গেমিংয়ের ব্যাপক জনপ্রিয়তা ইস্পোর্টস খাতের বিকাশে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই বিপুল আগ্রহকে কেন্দ্র করে দেশে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং গেমিং কমিউনিটির জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।