প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:১১ পিএম
মহাকাশে এই প্রথমবারের মতো মানুষের চোখে সবুজ দেখাবে এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ছবি: সিএনএন
মহাকাশে এই প্রথমবারের মতো মানুষের চোখে সবুজ দেখাবে এমন একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মৃত নক্ষত্রের অতি ঘন অবশিষ্টাংশ বা ‘হোয়াইট ডোয়ার্ফ’ (শ্বেত বামন) বিশ্লেষণ করে এই বিরল মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়া গেছে।
সাধারণত মহাকাশের নক্ষত্রগুলোর রং তাদের তাপমাত্রার ওপর নির্ভর করে এবং তা প্রধানত কমলা, সাদা কিংবা নীল রঙের হয়ে থাকে। তবে সূর্যের মতো কোনো নক্ষত্রের জীবনাবসান হলে তার যে অতি ঘন অবশিষ্টাংশ বা শ্বেত বামন তৈরি হয়, সেগুলোতে অবিশ্বাস্য রঙের বৈচিত্র্য দেখা যেতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ও এই গবেষণার প্রধান লেখক মার্ক হল্যান্ডস জানান, সাধারণ নক্ষত্রের পাশাপাশি অধিকাংশ শ্বেত বামনের রং চেনা পরিসরেই থাকে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে নক্ষত্রের বাইরের স্তরে অস্বাভাবিক ভৌত প্রতিক্রিয়া ঘটে, যা তাদের আলোক বর্ণালিতে (স্পেকট্রাম) বড় ধরনের বিচ্যুতি তৈরি করে।
গবেষকেরা জানিয়েছেন, নক্ষত্রটির বায়ুমণ্ডলে থাকা হিলিয়ামের সঙ্গে অন্যান্য মৌলের বিক্রিয়ার কারণেই রঙের এই পরিবর্তন ঘটেছে। মূলত কোনো গ্রহাণু যখন এই শ্বেত বামনের খুব কাছাকাছি চলে আসে, তখন তা ভেঙে ধূলিকণায় পরিণত হয়ে নক্ষত্রের ওপর আছড়ে পড়ে এবং বাইরের স্তরে মিশে যায়।
সবুজ আভা তৈরি করা নক্ষত্রটিতে বিজ্ঞানীরা মূলত ক্যালসিয়াম, সোডিয়াম এবং লিথিয়াম—এই তিন মৌলের শক্তিশালী উপস্থিতি শনাক্ত করেছেন। এছাড়া কার্বন অণুর উচ্চ ঘনত্বের কারণে আরেকটি নক্ষত্রের রং হালকা গোলাপির মতো দেখা গেছে।
গবেষণায় পৃথিবী থেকে প্রায় ৬৫ আলোকবর্ষ দূরত্বের মধ্যে থাকা ১৫১টি শ্বেত বামন পর্যবেক্ষণ করা হয়। যেহেতু শ্বেত বামন খালি চোখে দেখা যায় না, তাই গবেষকেরা প্রিজমের মতো আলোর বর্ণালি বা তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ করে এর রং নির্ধারণ করেছেন।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ডিয়েগোর জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক অ্যাডাম বার্গাসার জানান, শ্বেত বামনগুলো মূলত ধ্বংস হয়ে যাওয়া গ্রহের উপাদান সংরক্ষণ করে রাখে। ফলে এগুলো বিশ্লেষণ করে প্রাচীনকালে গ্রহ কীভাবে গঠিত হয়েছিল, সেই ইতিহাস জানা সম্ভব।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘আরএএস টেকনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস’ (রাস্টি)-এ এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে মহাকাশ পর্যবেক্ষণে এমন সবুজ নক্ষত্রের সংখ্যা আরও বেশি শনাক্ত করা সম্ভব হবে।