ছবি: বিবিসি
গুগলের ‘একাধিক’ ক্লাউড সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। এর প্রভাবে যুক্তরাজ্যজুড়ে অনলাইন ব্যাংকিংসহ আদালতের বিচারিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গুগল তাদের ক্লাউড স্ট্যাটাস পেজে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তাদের ‘ইউরোপ-ওয়েস্ট টু’ অঞ্চলে একাধিক সেবায় সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রকৌশল দল বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
গুগল আরও জানায়, ব্রিটিশ সামার টাইম সকাল ৭টা (বাংলাদেশ সময় দুপুর প্রায় ১২টা) থেকে এই বিভ্রাট শুরু হয়।
এদিকে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে দেখা গেছে, মঙ্গলবার বেশ কয়েকটি ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানিয়ে ব্যবহারকারীদের অভিযোগ হঠাৎ বেড়েছে। তবে ডাউনডিটেক্টরের তালিকায় থাকা সব প্রতিষ্ঠান গুগল ক্লাউড সেবা ব্যবহার করে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ক্লাউড সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন ব্যাংক ‘রেভোলুট’ তাদের সেবা বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে বলেছে, তাদের গ্রাহকদের অর্থ ও সব তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ ছাড়া দেশটির হ্যালিফ্যাক্স ব্যাংক জানিয়েছে, তাদের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে কিছু গ্রাহক কারিগরি সমস্যার মুখে পড়ছেন।
এদিকে সেবা বন্ধ থাকায় বিচারিক কার্যক্রমেও বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, সকাল ১০টা থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বড় একটি অংশে বিচার বিভাগের ‘ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম’ (সিভিপি) বন্ধ রয়েছে।
সংস্থাটি জানায়, ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম অচল হয়ে পড়ায় প্রসিকিউশন ও ডিফেন্স—উভয় পক্ষের আইনজীবীরাই আদালতের বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। এর ফলে আদালতগুলোতে মামলার জট কমানোর উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।