× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠাওয়ের তথ্যভাণ্ডার হ্যাকড: ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:০৩ পিএম

পাঠাওয়ের লোগো। ফাইল ছবি

পাঠাওয়ের লোগো। ফাইল ছবি

দেশের প্রযুক্তিনির্ভর সেবা প্রতিষ্ঠান পাঠাওয়ের তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে ১৩৩ গিগাবাইট তথ্য চুরির দাবি করেছে অজ্ঞাতনামা একটি সাইবার অপরাধী গোষ্ঠী। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ৪ লাখ মার্কিন ডলার মুক্তিপণ চাওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ না করলে আরও তথ্য প্রকাশের হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

ডার্ক ওয়েব পর্যবেক্ষণকারী অ্যাকাউন্ট ‘ডেইলি ডার্ক ওয়েব’-এর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি স্ক্রিনশট থেকে এ দাবি সামনে আসে। স্ক্রিনশটের তথ্য অনুযায়ী, কথিত তথ্যভাণ্ডারে প্রায় ২৫ কোটি সারি তথ্য রয়েছে, যা ৫৯১টি টেবিলে সংরক্ষিত। এর মধ্যে ১ কোটি ৯ লাখের বেশি ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল, পাসওয়ার্ডের হ্যাশ, জিপিএস তথ্য এবং ফেসবুক আইডি ও অ্যাক্সেস টোকেন থাকার দাবি করা হয়েছে।

স্ক্রিনশটটিতে আরও দাবি করা হয়েছে, তথ্যভাণ্ডারে প্রায় ১ কোটি ৯ লাখ ৫৯ হাজার জাতীয় পরিচয়পত্র নম্বর, ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ড্রাইভিং লাইসেন্সের তথ্য এবং ৫৭ লাখ বাসার ঠিকানা ও প্রোফাইল ছবির তথ্য রয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো নমুনা রেকর্ড প্রকাশ করা হয়নি।

পোস্টদাতার দাবি, পাঠাওয়ের মানবসম্পদ বিভাগের ৫৪৯ কর্মীর জাতীয় পরিচয়পত্র নম্বর, বেতন, ধর্ম ও জরুরি যোগাযোগের তথ্যও চুরি হয়েছে। এ ছাড়া ১৭ হাজার ৯৪৩টি মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও রাউটিং-সংক্রান্ত তথ্য এবং ৮ লাখ ৪৫ হাজার ৮৭২টি সরাসরি ডেবিটের রেকর্ড হাতিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। এর আগে প্রকাশিত আরেকটি স্ক্রিনশটে ওয়ালেট টোকেন, পণ্য সরবরাহের রেকর্ড, চালকদের লগইন তথ্য ও ই-কমার্স গ্রাহকদের তথ্য চুরির দাবিও করা হয়েছিল।

অজ্ঞাতনামা সাইবার অপরাধী গোষ্ঠীটি ৪ লাখ ইউএসডিটি মুক্তিপণ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে বলেছে। অর্থ পরিশোধ করা হলে তথ্য প্রকাশ বন্ধ রাখা, লকড অ্যাপ্লিকেশন নোডের এনক্রিপশন চাবি দেওয়া এবং ক্ষতিকর কার্যক্রম বন্ধ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে দাবিদারদের কাছে প্রকৃতপক্ষে এসব তথ্য ও সিস্টেমের নিয়ন্ত্রণ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তথ্য চুরির দাবিগুলো সত্য হলে পাঠাওয়ের গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। পরিচয়পত্র, ফোন নম্বর ও বাসার ঠিকানার মতো তথ্য একসঙ্গে অপরাধীদের হাতে গেলে পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা ও অ্যাকাউন্ট দখলের চেষ্টা হতে পারে।

এর আগে গত ৪ অক্টোবর পাঠাওয়ের বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটে। প্রতিষ্ঠানটি জানায়, সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর প্লাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে সেবাগুলো পুনরুদ্ধার করা হয়।

গত ৭ অক্টোবরের এক বিবৃতিতে পাঠাও স্বীকার করে, গ্রাহকদের কিছু ব্যক্তিগত তথ্য—নাম, ইমেইল ও ফোন নম্বর ক্ষতিকর ব্যক্তিদের হাতে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের যুক্ত করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে ১৩৩ গিগাবাইট তথ্য চুরি, বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য ফাঁস এবং মুক্তিপণ দাবির বিষয়ে প্রতিষ্ঠানটি নিশ্চিত করে কিছু বলেনি।

পাঠাও ব্যবহারকারীদের অপরিচিত লিংকে প্রবেশ না করা এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে। একই পাসওয়ার্ড একাধিক সেবায় ব্যবহার করা হলে তা পরিবর্তন এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা