× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞানে নোবেল পুরস্কার

কল্পবিজ্ঞান হার মানানো তিন যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম

নোবেল পুরস্কার। ফাইল ছবি

নোবেল পুরস্কার। ফাইল ছবি

যেন কোনো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার রোমাঞ্চকর দৃশ্য! তবে রুপালি পর্দার কল্পনা পেরিয়ে বিজ্ঞানীরা সেগুলোকে বাস্তবে রূপ দিয়েছেন। মহাকাশের ভূতুড়ে কণা শনাক্তকরণ, আলোর সাহায্যে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ এবং অণুর ‘আয়না-প্রতিবিম্ব’ উন্মোচন—এমন তিনটি যুগান্তকারী গবেষণার স্বীকৃতি মিলেছে বিজ্ঞানের নোবেল পুরস্কারে।

বরফের নিচে মানমন্দির, পদার্থবিজ্ঞানে নোবেল

দক্ষিণ মেরুর বরফের নিচে বিশালাকার ডিটেক্টর ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির অসাধারণ কৃতিত্বের জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ফ্রান্সিস হালজেন।

এই মানমন্দিরটি মূলত ‘নিউট্রিনো’ নামের অতি ক্ষুদ্র কণা শনাক্ত করার জন্য তৈরি। নিউট্রিনো মহাবিশ্বের এমন এক রহস্যময় কণা, যা সাধারণ পদার্থের সঙ্গে কোনো ধরনের মিথস্ক্রিয়া করে না বললেই চলে। তড়িৎ নিরপেক্ষ বা চার্জহীন হওয়ায় এই কণাগুলো কোনো বাধা ছাড়াই মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ পাড়ি দিতে পারে। আমাদের সূর্যের নিউক্লিয়ার বিক্রিয়া থেকেও প্রতিনিয়ত বিপুল পরিমাণ নিউট্রিনো তৈরি হচ্ছে। এমনকি প্রতি সেকেন্ডে কোটি কোটি নিউট্রিনো মানুষের শরীরের ভেতর দিয়ে অনায়াসে চলে যায়, যা আমরা টেরই পাই না।

১৯৮০-এর দশকে হালজেন উপলব্ধি করেন, এই নিউট্রিনো শনাক্ত করতে পারলে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দূরবর্তী বস্তুগুলো নিয়ে গবেষণা করা সম্ভব। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এদের ধরার মতো সুবিশাল ডিটেক্টর তৈরি করা। দক্ষিণ মেরুর প্রায় আড়াই কিলোমিটার গভীর বরফের নিচে ২০০৪ সালে আইসকিউবের নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ২০১১ সালে। চালুর মাত্র দুই বছরের মধ্যে মানমন্দিরটি মহাকাশ থেকে আসা উচ্চশক্তির ২৮টি কসমিক নিউট্রিনো শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করে।

আলো দিয়ে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ, চিকিৎসায় নোবেল

আলোর সাহায্যে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণের যুগান্তকারী উপায় বের করে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন কার্ল ডাইসেরোথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল।

এই গবেষণার সূচনা হয়েছিল ১৯৯০-এর দশকে। সে সময় হেগেম্যান ‘ক্ল্যামিডোমোনাস’ নামের একধরনের এককোষী শৈবাল নিয়ে কাজ করার সময় লক্ষ্য করেন, শৈবালটি মানুষের চোখের পলকের চেয়েও দ্রুত আলোতে সাড়া দেয়। নাগেলের সহযোগিতায় তিনি শৈবালটির শরীরে এমন দুটি জিন শনাক্ত করেন, যা আলো-সংবেদনশীল বিশেষ প্রোটিন তৈরি করে।

পরবর্তী সময়ে মার্কিন বিজ্ঞানী কার্ল ডাইসেরোথ এই প্রোটিন মস্তিষ্কের নিউরনে (যে কোষগুলো তড়িৎ সংকেত আদান-প্রদান করে) ব্যবহারের কৌশল উদ্ভাবন করেন। গবেষণাগারে নিউরনে আলো ফেলতেই দেখা যায়, কোষগুলো সক্রিয় হয়ে উঠছে এবং পাশের কোষে সংকেত পাঠাচ্ছে। এর মাধ্যমেই আলো দিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট কোষ নিয়ন্ত্রণ করার বৈপ্লবিক দ্বার উন্মোচিত হয় (যা চিকিৎসা বিজ্ঞানে অপটোজেনেটিক্স নামে পরিচিত)।

বর্তমানে চিকিৎসাবিজ্ঞানীরা বিষণ্নতা, সিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, উদ্বেগ এবং নানা ধরনের আসক্তির মতো জটিল স্নায়বিক রোগের কারণ অনুসন্ধান ও নিরাময়ে এই পদ্ধতি ব্যবহার করছেন। এমনকি অন্ধত্ব দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রেও এর সফল প্রয়োগ নিয়ে কাজ চলছে।

অণুর ‘আয়না-প্রতিবিম্ব’ রহস্য, রসায়নে স্বীকৃতি

রসায়নে এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন ফ্রান্সের প্যারিস-স্যাক্লে বিশ্ববিদ্যালয়ের অঁরি কাগান এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের কেনসো সোয়াই। অণুর আয়না-প্রতিবিম্ব রূপ বা ‘কাইরালিটি’ সংক্রান্ত গবেষণার জন্য তাঁরা এ সম্মাননা পেয়েছেন।

কাইরালিটি হলো অণুর এমন এক রূপ, যা দেখতে আয়নায় নিজের প্রতিবিম্বের মতো হলেও একটিকে আরেকটির ওপর হুবহু প্রতিস্থাপন করা যায় না—ঠিক যেমন মানুষের বাঁ ও ডান হাত। দুটি হাত দেখতে একই রকম হলেও একটির ওপর আরেকটি মেলালে বুড়ো আঙুল বিপরীতমুখী থাকে।

প্রকৃতিতে এর গভীর প্রভাব রয়েছে। যেমন—জীবদেহে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডগুলো সাধারণত বাঁ-হাতি এবং প্রাণীর প্রয়োজনীয় শর্করাগুলো ডান-হাতি (right-handed) হয়ে থাকে। প্রকৃতিতে কেন এই একতরফা ভারসাম্যহীনতা তৈরি হলো, তা বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন বড় রহস্য ছিল।

১৯৮৬ সালে অঁরি কাগান আবিষ্কার করেন, বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই দুই রূপের ব্যবধান বিজ্ঞানীদের ধারণার চেয়েও নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া সম্ভব। পরে ২০০৩ সালে কেনসো সোয়াই প্রমাণ করেন, অণুর দুই রূপের অতি সূক্ষ্ম পার্থক্যও ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে কয়েক লাখ গুণ বড় হতে পারে। একটি পরীক্ষায় মাত্র তিনবার বিক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে দুই রূপের মধ্যকার ব্যবধান ৬ লাখ ৩০ হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেখান তিনি।

চলতি বছরের নোবেলজয়ী এই তিন গবেষণা আবারও প্রমাণ করল—একসময় যেসব রহস্যের সমাধান মানুষের কল্পনার বাইরে ছিল, বিজ্ঞানীদের একাগ্রতা ও প্রযুক্তির উৎকর্ষে আজ তা বাস্তবে ধরা দিচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা