জাহাঙ্গীর সুর
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:১৭ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:২১ এএম
আলো দিয়ে স্নায়ুকে শাসন করার জাদুকরী বিদ্যা অপ্টোজেনেটিকস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসারোথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেল। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার এই ত্রয়ীর নাম ঘোষণা কবিকৃত। ছবি: সংগৃহীত
‘আমার নিজের মস্তিষ্কই আমার কাছে সবচেয়ে ব্যাখ্যাহীন এক যন্ত্র। সারাক্ষণ গুনগুন করে। এটা-ওটা কীসব ভাবে। এই গর্জায় তো, পরক্ষণেই চুপটি মেরে থাকে, কাদায় তলিয়ে যায়। কিন্তু কেন? কিসের এত আবেগ এর?’
১৯৩২ সালে এক বন্ধুকে লেখা চিঠিতে প্রখ্যাত সাহিত্যিক ভার্জিনিয়া উলফ নিজের বিস্ময় প্রকাশ করে কথাগুলো লিখেছিলেন।
মানুষের মস্তিষ্ক সত্যিই এক অনন্ত বিস্ময়। মাত্র সোয়া কেজির এক মাংসপিণ্ড। অথচ এর ভেতরেই লুকিয়ে আছে আমাদের শৈশবের স্মৃতি, প্রথম প্রেমের শিহরণ, বুকভাঙা কষ্ট কিংবা কালজয়ী কোনো সৃষ্টির প্রেরণা। কীভাবে কাজ করে এই জটিল গোলকধাঁধা? শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছেন। কিন্তু মস্তিষ্কের বিশাল স্নায়ুজালের কোথায় কোন অনুভূতির বাস, তা নিখুঁতভাবে জানাটা ছিল যেন এক অধরা স্বপ্ন। অবশেষে সেই অমানিশার ঘোর কাটল। আলোর পরশে স্নায়ুকোষের সুইচ অন-অফ করার এক জাদুকরী কৌশলের সন্ধান দিয়ে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করলেন তিন কীর্তিমান বিজ্ঞানীÑ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ল ডাইসারোথ, জার্মানির হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের পিটার হেগেম্যান এবং উইরজবার্গ বিশ্ববিদ্যালয়ের গেয়র্গ নাগেল।
তাদের এই যুগান্তকারী কাজের নাম দেওয়া হয়েছে ‘অপ্টোজেনেটিক্স’। সহজ ভাষায় বললে, এটি এমন এক প্রযুক্তি যার সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট কোনো স্নায়ুকোষকে স্রেফ আলো ফেলেই নিয়ন্ত্রণ করা যায়। ঠিক যেন ঘরের বৈদ্যুতিক সুইচ! আলো ফেললে স্নায়ু জেগে ওঠে, আলো নিভিয়ে দিলে ঘুমিয়ে পড়ে। এই জাদুকরী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এই ত্রয়ীকে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার পুরস্কারে ভূষিত করেছে।
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ডিএনএর গঠন আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক স্বপ্ন দেখেছিলেন এমন এক প্রযুক্তির, যা দিয়ে আলোর সাহায্যে স্নায়ুকোষের কাজ নিয়ন্ত্রণ করা যাবে। সেই ‘অবাস্তব’ স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছেন এই তিন বিজ্ঞানী। আর এই গল্পের শুরুটা নব্বইয়ের দশকে, এক অতি সাধারণ কৌতূহল থেকে।
জার্মানির গবেষক পিটার হেগেম্যান ভাবছিলেন, ক্ল্যামাইডোমোনাস নামের এক প্রকার এককোষী সবুজ শৈবাল কীভাবে আলোর দিকে সাঁতার কাটে? তিনি দেখলেন, এদের এক ধরনের ‘চক্ষুবিন্দু’ আছে, যা আলোর প্রতি অবিশ্বাস্য দ্রুততায় সাড়া দেয়। মাত্র আধা মিলি-সেকেন্ডের মধ্যে আলো থেকে তারা বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে।
সেই রহস্যের জট খুলতে হেগেম্যান হাত মেলালেন ফ্রাঙ্কফুর্টের গবেষক গেয়র্গ নাগেলের সাথে। তারা যৌথভাবে আবিষ্কার করলেন চ্যানেলরোডপসিন নামের এক বিশেষ প্রোটিন। নাগেল ব্যাঙের ডিমের কোষে এই প্রোটিন ঢুকিয়ে দেখলেন, নীল আলো পড়লেই এই প্রোটিনগুলো একটি চ্যানেলের মতো খুলে যায়। আর তার ভেতর দিয়ে চার্জযুক্ত কণা বা আয়ন প্রবাহিত হয়ে বৈদ্যুতিক সংকেত তৈরি করে।
এই অভাবনীয় আবিষ্কারের পর আসরে নামেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক কার্ল ডাইসারোথ। চিকিৎসাবিদ্যার ছাত্র থাকাকালীন মানসিক রোগীদের কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। কেন কিছু মানুষ চরম হতাশায় ভোগে, কেনই-বা সিজোফ্রেনিয়ায় আক্রান্তরা হ্যালুসিনেশন দেখেÑ এসবের উত্তর খুঁজতেন তিনি। তিনি বুঝতে পেরেছিলেন, মস্তিষ্কের গহিনে উঁকি দেওয়ার জন্য তার এমন একটা সুইচ চাই, যা দিয়ে নির্দিষ্ট স্নায়ু জাগানো বা ঘুম পাড়ানো যায়। হেগেম্যান ও নাগেলের আবিষ্কৃত সেই শৈবালের জিনটি তিনি ইঁদুরের স্নায়ুকোষে প্রবেশ করালেন। ২০০৭ সালে ঘটল সেই বহুল প্রতীক্ষিত যুগান্তকারী ঘটনা। একটি সূক্ষ্ম অপটিক ফাইবারের মাধ্যমে জীবন্ত ইঁদুরের মস্তিষ্কে নীল আলো ফেলেই তিনি ইঁদুরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন! আলো দিয়ে স্নায়ুকে শাসন করার এই জাদুকরী বিদ্যার নামই হলো অপ্টোজেনেটিকস।
এই আবিষ্কারের প্রভাব সুদূরপ্রসারী, যা আধুনিক স্নায়ুবিজ্ঞানের গতিপথই বদলে দিয়েছে। আগে বিজ্ঞানীরা মস্তিষ্কের কোন অংশ কী কাজ করে তার একটি আবছা মানচিত্র আঁকতে পারতেন। তা ছিল অনেকটাই ধোঁয়াশাচ্ছন্ন। কিন্তু অপ্টোজেনেটিকস সেই অন্ধকার দূর করে দিয়েছে। এখন বিজ্ঞানীরা জীবন্ত মস্তিষ্কের ঠিক কোন স্নায়ুকোষটি ভয়ের স্মৃতি তৈরি করছে, আর কোনটি আনন্দের তা চাক্ষুষ দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারেন।
গবেষণাগারের গণ্ডি পেরিয়ে চিকিৎসা জগতেও এর বিস্ময়কর প্রয়োগ শুরু হয়ে গেছে। রেটিনাইটিস পিগমেন্টোসা নামক চোখের এক দুরারোগ্য ব্যাধিতে দৃষ্টি হারানো এক ব্যক্তির চোখে নিরীহ ভাইরাসের মাধ্যমে এই চ্যানেলরোডপসিন প্রোটিন ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তাকে পরিয়ে দেওয়া হয় বিশেষ এক আলো-উদ্দীপক চশমা, যা বাইরের জগতের ছবি আলোর স্পন্দনে রূপান্তর করে তার রেটিনায় পাঠায়। আশ্চর্যের বিষয় হলো, এই পদ্ধতিতে সেই অন্ধ ব্যক্তি আংশিক দৃষ্টি ফিরে পেয়েছেন! তিনি টেবিলের ওপর রাখা বস্তু দেখতে ও ধরতে পারছেন। অন্ধত্ব দূরীকরণে এটি এক অভাবনীয় মাইলফলক।
পাশাপাশি হতাশা, সিজোফ্রেনিয়া, অ্যালঝেইমার্স, পারকিনসন্স বা মৃগীরোগের মতো জটিল স্নায়বিক ব্যাধিগুলোর নেপথ্যে ঠিক কোন স্নায়ুকোষগুলো দায়ী, তা খুঁজে বের করার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে অপ্টোজেনেটিকস।
ক্ষুদ্র এক শৈবালের আলোর পানে ছুটে চলার সেই আদিম প্রবৃত্তি আজ মানুষের মস্তিষ্কের গভীরতম আঁধারকে আলোকিত করার চাবিকাঠি। ডাইসারোথ, হেগেম্যান ও নাগেলের হাত ধরে চিকিৎসাবিজ্ঞান আজ এমন এক আলোকোজ্জ্বল যুগে প্রবেশ করল, যেখানে মানুষের মস্তিষ্কের জটিলতম রহস্যগুলো আর চিরকাল অধরা থাকবে না।