× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইফোন ১৮ প্রো রিভিউ: ব্যবহারে পরিবর্তন সামান্য, ভেতরে বড় চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:১৮ পিএম

পকেটে এঁটে যাওয়ার মতো ছোট আকারের মধ্যেই অ্যাপলের সেরা সব প্রযুক্তির সমন্বয় ঘটেছে নতুন আইফোন ১৮ প্রোতে। ছবি: স্যামুয়েল গিবস/দ্য গার্ডিয়ান

পকেটে এঁটে যাওয়ার মতো ছোট আকারের মধ্যেই অ্যাপলের সেরা সব প্রযুক্তির সমন্বয় ঘটেছে নতুন আইফোন ১৮ প্রোতে। ছবি: স্যামুয়েল গিবস/দ্য গার্ডিয়ান

দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুতগতির চিপ আর ক্যামেরায় পরিবর্তনশীল অ্যাপারচার—সব মিলিয়ে কেমন হলো অ্যাপলের নতুন এই প্রিমিয়াম ফোন?

স্মার্টফোনের বাজারে বড় কোনো চমক ছাড়া কেবল স্পেসিফিকেশনে উন্নতি আনাকে অনেক সময় সাদামাটা মনে হতে পারে। তবে অ্যাপলের নতুন ‘আইফোন ১৮ প্রো’-তে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, তা এককথায় চমৎকার। এতে যুক্ত হয়েছে আরও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, শক্তিশালী প্রসেসর এবং প্রধান ক্যামেরায় নতুন ভ্যারিয়েবল বা ‘পরিবর্তনশীল অ্যাপারচার’।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রযুক্তি সম্পাদক স্যামুয়েল গিবসের এক পর্যালোচনায় ফোনটির খুঁটিনাটি সুবিধা-অসুবিধা উঠে এসেছে।

অ্যাপলের প্রথম ফোল্ডিং ফোন ‘আইফোন ডুও’ উন্মোচনের পাশাপাশি বাজারে এসেছে আইফোন ১৮ প্রো। এর প্রাথমিক দাম ধরা হয়েছে ১ হাজার ১৯৯ মার্কিন ডলার বা ১ হাজার ১৯৯ পাউন্ড (প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা)। বিশ্বজুড়ে মেমোরি বা র‍্যামের দাম বেড়ে যাওয়ার কারণে আগের মডেলের তুলনায় ফোনটির দাম প্রায় ১০০ পাউন্ড/ডলার বাড়ানো হয়েছে।

নকশা ও ডিসপ্লে

আইফোন ১৭ প্রো-তে অ্যাপল ডিজাইনে বড় পরিবর্তন এনেছিল। তাই ১৮ প্রো-তে খুব বেশি বাহ্যিক বদল আসেনি। ফোনটির ওজন আগের চেয়ে ৭ গ্রাম বেড়ে ২১১ গ্রাম হয়েছে এবং পেছনের কাচ অ্যালুমিনিয়াম কাঠামোর রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।

ফোনের ডিসপ্লেতে ফেস আইডির ক্যামেরার আকার ছোট করায় ‘ডায়নামিক আইল্যান্ড’ এখন একসঙ্গে তিনটি চলমান কার্যক্রম (টাস্ক) প্রদর্শন করতে পারে, যা আগে ছিল দুটি। এছাড়া গান শোনার সময় নেটওয়ার্কের সিগন্যালের পাশে থ্রিজি, ফোরজি বা ফাইভজি সংকেত দেখানোর সুবিধাও যুক্ত হয়েছে।

ফোনটির ৬ দশমিক ৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে অত্যন্ত উজ্জ্বল ও মসৃণ। রোদের আলোয় যেন দেখতে কোনো সমস্যা না হয়, সেজন্য এতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার কোটিং।

একনজরে স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (১২০ হার্টজ ওলেড)

প্রসেসর: অ্যাপল এ২০ প্রো (A20 Pro)

র‍্যাম: ১২ জিবি

স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি অথবা ১ টিবি

অপারেটিং সিস্টেম: আইওএস ২৭ (iOS 27)

ক্যামেরা: পেছনে ৪৮+৪৮+৪৮ মেগাপিক্সেল এবং সামনে ১৮ মেগাপিক্সেল

ওজন: ২১১ গ্রাম

স্থায়িত্ব: আইপি৬৮ ওয়াটার রেজিসট্যান্স

দ্রুতগতির চিপ ও দীর্ঘস্থায়ী ব্যাটারি

আইফোন ১৮ প্রো-তে ব্যবহৃত হয়েছে নতুন ‘এ২০ প্রো’ চিপ। এটি আগের এ১৯ প্রো চিপের চেয়ে প্রায় ২৭ শতাংশ দ্রুতগতির এবং এর গ্রাফিক্স পারফরম্যান্স বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। ফোনটিতে যুক্ত করা হয়েছে উন্নত কুলিং সিস্টেম, যা গেমারদের বাড়তি সুবিধা দেবে।

সবচেয়ে বড় চমক এর ব্যাটারি। আইফোন ১৭ প্রো-এর চেয়ে এটি একনাগাড়ে ৬ ঘণ্টা বেশি ব্যাকআপ দিতে পারে। টানা অ্যাপ ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং ও ছবি তোলার পরও সাধারণ ব্যবহারে অনায়াসেই ফোনটি দুই দিন চালানো সম্ভব। এমনকি সারা দিন ভারী ব্যবহারের পরও দিনশেষে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে।

আইওএস ২৭ ও গুগল প্রযুক্তিনির্ভর ‘সিরি’

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে নতুন ‘আইওএস ২৭’। তবে এবারের বড় আকর্ষণ অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র আধুনিক সংস্করণ—‘সিরি এআই’, যা তৈরি হয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায়।

নতুন সিরি এখন যেকোনো প্রশ্নের উত্তর আগের চেয়ে অনেক নিখুঁত ও বাস্তবসম্মতভাবে দিতে পারে। এটি স্ক্রিনের তথ্য পড়তে পারে এবং সাইড বাটনের মাধ্যমে যেকোনো অ্যাপে থেকেই কার্যকর করা যায়। তবে একটি সীমাবদ্ধতা হলো—সিরির স্বয়ংক্রিয় পরামর্শ সুবিধাগুলো কেবল অ্যাপলের নিজস্ব অ্যাপের (মেইল বা মেসেজেস) ক্ষেত্রেই ভালো কাজ করে। হোয়াটসঅ্যাপ বা জিমেইলের মতো তৃতীয় পক্ষের অ্যাপে এর পুরো সুবিধা মিলবে না।

ক্যামেরায় নতুন চমক

আইফোন ১৮ প্রো-এর প্রধান ক্যামেরায় প্রথমবারের মতো যোগ করা হয়েছে ‘ভেরিয়েবল অ্যাপারচার’ বা আলো নিয়ন্ত্রণকারী পরিবর্তনশীল লেন্স ব্যবস্থা। এতে কম আলোতে রাতের ছবি আরও উজ্জ্বল ও ঝকঝকে হবে।

পেশাদার ফটোগ্রাফাররা চাইলে অ্যাপারচার নিজ থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে ছোট সেন্সরের কারণে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্টে খুব বিশাল তফাত চোখে পড়ে না।

ক্যামেরার আরেকটি দারুণ ফিচার হলো এআইচালিত ‘ফোকাস ট্র্যাকিং’। চলমান শিশু বা পোষা প্রাণীর ছবি তোলার সময় ফ্রেমের ভেতরে বা বাইরে যাওয়া সত্ত্বেও ফোকাস ঠিক থাকে। এছাড়া কোনো ছবি এআই দিয়ে তৈরি নাকি ক্যামেরা দিয়ে তোলা আসল ছবি—তা নিশ্চিত করার জন্য এতে ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ নামের ডিজিটাল নেগেটিভ সুবিধা যোগ করা হয়েছে। ভিডিওর ক্ষেত্রে সাধারণ ভিডিওকে পরবর্তীতে ‘সিনেমাটিক মোড’-এ রূপান্তরের সুযোগ রয়েছে।

পরিবেশ ও মেরামতযোগ্যতা

আইফোন ১৮ প্রো তৈরিতে ৪০ শতাংশেরও বেশি পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিপণ্য মেরামতের বৈশ্বিক মানদণ্ড ‘আইফিক্সইট’ফোনটির মেরামতযোগ্যতার ক্ষেত্রে ১০-এ ৭ নম্বর দিয়েছে। ফোনটির ব্যাটারি ১ হাজার বার পূর্ণ চার্জের পরও মূল সক্ষমতার ৮০ শতাংশ বজায় রাখতে পারবে।

চূড়ান্ত রায়

ব্যবহারের দিক থেকে বিবেচনা করলে, আইফোন ১৮ প্রো এমন একটি ফোন যাতে প্রযুক্তির বড় পরিবর্তন আনা হলেও প্রতিদিনের সাধারণ ব্যবহারে তার প্রভাব খুব বেশি চোখে পড়বে না।

চিপ কিংবা ক্যামেরার বড় আপগ্রেড সাধারণ ব্যবহারকারীর চেয়ে কনটেন্ট ক্রিয়েটর ও পেশাদারদের বেশি কাজে আসবে। তবে যারা অনেক পুরোনো মডেল থেকে নতুন ফোনে আসছেন, তাদের জন্য কমপ্যাক্ট আকারের এই ফোনটি নিঃসন্দেহে এ যাবৎকালের সেরা আইফোন।

ভালো দিক: চমৎকার ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, সেরা মানের ক্যামেরা, পরিবর্তনশীল অ্যাপারচার, এ২০ প্রো প্রসেসর এবং দ্রুতগতির সিরি এআই।

দুর্বল দিক: আগের মডেলের চেয়ে বাড়তি দাম, ভারী বডি এবং থার্ড-পার্টি অ্যাপে এআই সুবিধার সীমাবদ্ধতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা