প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৫ পিএম
ডেটা গভর্ন্যান্স ও সাইবার নিরাপত্তা এবং ইআরপির রূপান্তর নিয়ে শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। ছবি: ভিডিও থেকে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং খাতের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী এআইফোরবিটি গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনের আয়োজন।
দিনের বিভিন্ন সেশনে এআইয়ের দ্রুত অগ্রগতির সময়ে এন্টারপ্রাইজগুলোর প্রস্তুতি, কোচদের ভূমিকা, ডেটা গভর্ন্যান্স ও সাইবার নিরাপত্তা এবং ইআরপির রূপান্তর নিয়ে শনিবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সামিটের দ্বিতীয় দিনে টেক কীনোট উপস্থাপন করেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট, মেটামরফোসিসের প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সাদিক এম আলম এবং একই প্রতিষ্ঠানের হেড অব টেকনোলজি ও ওডু সল্যুশন আর্কিটেক্ট নিয়াজ শাহরিয়ার শিশির। তারা স্বয়ংক্রিয় এআই এজেন্ট, মাল্টি-এজেন্ট ওয়ার্কফ্লো এবং প্রচলিত ইআরপি ব্যবস্থাকে আরও সক্রিয় ও অভিযোজনক্ষম এন্টারপ্রাইজ এক্সিকিউশন ইঞ্জিনে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন।
এরপর অর্থ ব্যবস্থাপনা নিয়ে ইন্ডাস্ট্রি কীনোট উপস্থাপন করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এম এম মাহবুব হাসান। এআইকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহারের সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেন।
সামিটের সিকিউরিটি কীনোটে ডেটা গভর্ন্যান্স ও সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ফাইন্যান্সের ইভিপি ও সিটিও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ফয়সাল হোসেন। এআই-নির্ভর প্রতিষ্ঠানে আস্থা, নিরাপত্তা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সার্বভৌম ডেটা কমপ্লায়েন্স এবং সাইবার স্থিতিস্থাপকতা ও দায়িত্বশীল এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল গোলটেবিল আলোচনা। এতে কোচদের ভূমিকা, অটোমেশনকে ঘিরে কর্মীদের উদ্বেগ ও ভীতি কমানো এবং শিখন উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
গোলটেবিল আলোচনায় অংশ নেন বিজয় ওয়েলনেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক জয়া বার্লিন, বিজনেস কোচ ও লিডারশিপ ট্রেইনার কামরুল হাসান, মাস্টার সার্টিফায়েড কোচ ও আইসিএফ সদস্য শবনম মোস্তারী, আমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর) এ বি এম ইউসুফ আলি খান, ট্রান্সফরমেশন কোচ ও পিসিসি আফিয়া পারভীন এবং এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ ও কনসালট্যান্ট মামুন মোর্শেদ।
গোলটেবিলের পর এআইয়ের সহায়তায় সিস্টেমস, অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস (এসএপি) ট্রান্সফরমেশন নিয়ে বক্তব্য দেন এসএপি বিশেষজ্ঞ দেবরাজ ভট্টাচার্য। এআই কীভাবে এসএপি ইকোসিস্টেমকে পরিবর্তন করছে, তা নিয়ে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এরপর এজেন্টিক ইআরপি ইউজ কেইস নিয়ে লাইভ ওয়ার্কশপ পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির। বাস্তব জগতের বিভিন্ন ক্ষেত্রে এজেন্টিক ইআরপির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেন।
দিনের শেষ পর্বে সামিটের দ্বিতীয় দিনের সারসংক্ষেপ এবং সার্টিফিকেট প্রদানের ঘোষণা দেন বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট সাদিক এম আলম এবং এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান।
তিন দিনব্যাপী এআইফোরবিটি গ্লোবাল সামিটের সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে আয়োজকদের ওয়েবসাইটে।