প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৫ এএম
দুই শতাব্দী আগে তিমি শিকারি ওয়েন চেজ ধারণা করেছিলেন, স্পার্ম তিমির মাথা একটি শক্তিশালী অস্ত্রের মতো কাজ করতে পারে। সাম্প্রতিক গবেষণায় তিমিদের পরস্পরকে মাথা দিয়ে আঘাত করার দৃশ্য ধারণ এবং আঘাতের শক্তি পরিমাপের পর সেই পুরনো ধারণার পক্ষে জোরালো প্রমাণ মিলেছে।
গবেষকদের মতে, তিমির মাথার ভেতরের বিশেষ চর্বিযুক্ত অঙ্গই তাকে এমন ভয়ংকর আঘাত হানার সক্ষমতা দিতে পারে, যা একটি জাহাজ ডুবিয়ে দিতে পারে।
১৮২০ সালের ২০ নভেম্বর। তিমি শিকারি জাহাজ ‘এসেক্স’ তখন সমুদ্রে। ১৫ বছর বয়সী থমাস নিকেরসন একটি ছোট নৌকায় থাকা অবস্থায় দেখেছিলেন, একটি স্পার্ম তিমি দ্রুতগতিতে ‘এসেক্স’-এর দিকে ছুটে আসছে। তিমিটি প্রচণ্ড শক্তিতে জাহাজে আঘাত করলে নাবিকেরা মাটিতে পড়ে যান।
এরপর প্রায় ২৭০ মিটার দূরে সরে গিয়ে তিমিটি ঘুরে আবার জাহাজটির দিকে ছুটে আসে। দ্বিতীয় আঘাতে জাহাজটির সামনের অংশ ভেঙে যায় এবং ‘এসেক্স’ ডুবে যায়।
এই ঘটনাই পরে হারম্যান মেলভিলের বিখ্যাত উপন্যাস ‘মবি ডিক’-এর অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে। স্পার্ম তিমির শরীরের অন্যতম বৈশিষ্ট্য হলো বিশাল মাথা। তাদের মাথা পুরো শরীরের প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত হতে পারে। কপালের ভেতরে রয়েছে বড় ও চর্বিযুক্ত একটি অঙ্গ, যার নাম স্পার্মাসেটি।
একসময় এই তেলের জন্যই বিপুলসংখ্যক স্পার্ম তিমি শিকার করা হতো। জ্বালানি, সাবান ও মোমবাতি তৈরিতে এর ব্যবহার ছিল। বিবর্তনীয় জীববিজ্ঞানী ডেভ ক্যারিয়ার মনে করেন, এই অঙ্গ তিমির মাথাকে একধরনের শক্তিশালী আঘাতের অস্ত্রে পরিণত করতে পারে।
সাম্প্রতিক সময়ে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-শারীরবিজ্ঞানী অ্যালেক বার্সলেম স্পার্ম তিমিদের পরস্পরকে মাথা দিয়ে আঘাত করার দৃশ্য ধারণ করেন। একটি অল্পবয়স্ক পুরুষ তিমি প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ৫ মিটার গতিতে ছুটে গিয়ে অন্য একটি তিমিকে আঘাত করে। ওই আঘাতের শক্তি ছিল প্রায় ৪৬০ কিলোনিউটন। এই শক্তি ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার গতিতে ছুটে আসা একটি বাসের ধাক্কার সঙ্গে তুলনা করা হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি