প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম
বুদ্ধিমত্তাসম্পন্ন ও সংযুক্ত ভবিষ্যতের রূপরেখা নিয়ে এল ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’। ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ডিজিটাল সংযোগ ও উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর আয়োজিত এই ফ্ল্যাগশিপ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ, গ্রাহক ও সহযোগীরা অংশ নেন।
‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে এমন একটি ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তি ও বিভিন্ন শিল্প খাতকে উন্নত সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে।
সম্মেলনের মূল বক্তব্যে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান অব দ্য বোর্ড ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং বিভিন্ন শিল্প খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সুবিধার্থে নতুন কিছু সমাধান উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে এআই কম্পিউটিংয়ের জন্য ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’, উন্নত কম্পিউটিং সক্ষমতার ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআইভিত্তিক ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ‘ওশানস্টোর এম৯০০’। প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করতে, বিপুল ডেটা ব্যবস্থাপনা এবং এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে এসব সমাধান সহায়ক হবে বলে জানানো হয়।
ডেভিড ওয়াং বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বিশ্ব এক গভীর রূপান্তরের যুগে প্রবেশ করছে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, উন্মুক্ত প্রযুক্তি ইকোসিস্টেম এবং শিল্পখাতজুড়ে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মেলনে হুয়াওয়ে বৃহৎ পরিসরের বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেমে কার্যকর সংযোগ নিশ্চিত করার সর্বশেষ উদ্যোগ তুলে ধরে। এর মাধ্যমে বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, সরকারি সেবা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে কাজের দক্ষতা ও সেবার মান বাড়াতে সহায়ক হবে।
হুয়াওয়ে জানায়, একটি বুদ্ধিমত্তাসম্পন্ন বিশ্ব গঠনে উন্মুক্ত সহযোগিতা ও সবার অংশগ্রহণ অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল যাতে দায়িত্বশীল, নিরাপদ ও টেকসই উপায়ে মানুষের কাছে পৌঁছায়, সেজন্য সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, ডেভেলপার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্বের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ডিজিটাল দক্ষতার উন্নয়ন ও পরবর্তী প্রজন্মের সংযোগ প্রযুক্তির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।